পাইকগাছা উপজেলার কপোতাক্ষ নদের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার হরিঢালী ইউনিয়নের মাহমুদকাটী খেয়াঘাট সংলগ্ন এলাকায় তিনি এ পরিদর্শন করেন।
এ সময় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নদীভাঙনের পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন সংসদ সদস্য। পাশাপাশি ভাঙনরোধে করণীয় বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি নদীভাঙন ঠেকাতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরিদর্শনকালে এমপি আবুল কালাম আজাদ জানান, নদীভাঙন উপকূলীয় জনপদের মানুষের জীবন ও জীবিকাকে হুমকির মুখে ফেলছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও পরিবেশগত নানা কারণে বিভিন্ন এলাকায় নদীভাঙনের সমস্যা প্রকট হয়ে উঠছে। এতে কৃষিজমি ও বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে বহু পরিবার বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে পড়ছে।
তিনি আরও জানান, সামনে ঘূর্ণিঝড়ের মৌসুম। এর আগেই ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। সময়মতো পদক্ষেপ নেওয়া না হলে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। মাহমুদকাটীসহ পাইকগাছার যেসব এলাকায় নদীভাঙনের ঝুঁকি রয়েছে, সেসব স্থানে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য তিনি পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম, সিনিয়র নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ার, জেলা ইউনিট সদস্য সহকারী অধ্যাপক আব্দুল মোমিন সানা, উপজেলা জামায়াতের আমির মাওলানা সাঈদুর রহমান, নায়েবে আমির মাওলানা জিএম বুলবুল আহমেদ, সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, ইউনিয়ন আমির মাওলানা আতাউর রহমান, চেয়ারম্যান প্রার্থী মুফতি মাওলানা আব্দুল হান্নান, ডা. কালিদাস রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মতামত