কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর ও হল প্রাধ্যক্ষের সঙ্গে অসদাচরণের অভিযোগে এক শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে হল প্রশাসন।
গত রবিবার (১১ অক্টোবর) সংশ্লিষ্ট হলটির প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক ড. মো: মহিউদ্দিন স্বাক্ষরিত এক নোটিশ থেকে এই তথ্য জানা যায়।
অভিযুক্ত শিক্ষার্থী অলি আহাম্মদ দয়ালশাহ আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
নোটিশে বলা হয়েছে, হলের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর, শৃঙ্খলা ভঙ্গ এবং এ ঘটনার পরিপ্রেক্ষিতে হল প্রভোস্টের সঙ্গে অসদাচরণের কারণে কেন তাকে হল থেকে বহিষ্কারসহ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ব্যাখ্যা দিতে হবে। নোটিশে আগামী ১৪ অক্টোবরের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
ভাঙচুরের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, গত ৯ অক্টোবর সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটের দিকে করিডোর দিয়ে হেঁটে যাওয়ার সময় লাফ দিয়ে ক্যামেরাটা নিচে নামিয়ে ফেলেন। পরবর্তী পুনরায় হেঁটে চলে যান।
সিসিটিভি ভাঙচুর ও অসদাচরণে কারণে অভিযুক্ত শিক্ষার্থী অলি আহাম্মদ দয়াল শাহের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। একাধিকবার তার কক্ষে গিয়েও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক ড. মো: মহিউদ্দিন বলেন, সিসিটিভি ফুটেজ দেখে ক্যামেরা ভাঙচুরের ঘটনায় জড়িত শিক্ষার্থীকে শনাক্ত করা হয়েছে। পরে তাকে ফোন করে প্রভোস্টের কার্যালয়ে আসতে বলা হয়। তবে তিনি সেখানে আসতে না চেয়ে প্রভোস্টকে তার কক্ষে যেতে বলেন। পরে হল প্রশাসনের সদস্যদের নিয়ে তার কক্ষে গিয়ে তাকে পাওয়া যায়নি।
তিনি আরো বলেন, তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। এ কারণে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী ১৪ অক্টোবরের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। তার জবাব পাওয়ার পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
মতামত