মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর তাজপুর এলাকায় বাড়ির সীমানা পিলার ও নিরাপত্তার স্বার্থে স্থাপন করা সিসি ক্যামেরা ভাঙাকে কেন্দ্র করে দুই প্রতিবেশী পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর উত্তর তাজপুর এলাকায় ইসরাফিলের পরিবার বাড়ির সীমানা নির্ধারণ ও নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপন করে। পরে প্রতিবেশী জার্মানের পরিবারের সদস্যরা ওই সিসি ক্যামেরা ভেঙে ফেলেছেন—এমন অভিযোগকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
এ ঘটনায় ইসরাফিলের পরিবারের নুরুননাহার, কামরুন্নাহার, রাতুল, রুবি ও জারিফ আহত হয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। অপরদিকে জার্মানের পরিবারের শেখ জার্মান, রোকসানা বেগম ও সিমা আক্তার আহত হয়েছেন।
আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়া হয়েছে বলে জানা গেছে।
ঘটনাটি নিয়ে উভয় পক্ষই সিরাজদিখান থানায় পৃথক মামলা করেছে।
এ বিষয়ে সিরাজদিখান থানা পুলিশ জানিয়েছে, উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত