প্রথম ধাপে ৩৫টি উড়োজাহাজ কেনার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে বাংলাদেশের বিমানবহর ২০০টিরও বেশি উড়োজাহাজে উন্নীত করতে চান বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
আজ রোববার (১১ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিমানমন্ত্রী বলেন, দেশের তরুণ প্রজন্মের মেধা ও বিকাশের সঙ্গে তাল মিলিয়ে বিমানবহর আরও বড় করতে চান তিনি। তাঁর আশা, একসময় দেশে ২০০টিরও বেশি উড়োজাহাজ থাকবে।
মন্ত্রী জানান, পরিকল্পনা অনুযায়ী ২০৩১ সাল থেকে ধাপে ধাপে নতুন উড়োজাহাজ আসা শুরু হবে। সব উড়োজাহাজ দেশে পৌঁছাতে ২০৩৬ থেকে ২০৩৭ সাল পর্যন্ত সময় লাগতে পারে।
তিনি বলেন, বর্তমানে দেশের বহরে থাকা উড়োজাহাজগুলো একসময় পুরোনো হয়ে যাবে। তখন বিমান পরিবহন ব্যবস্থা সচল রাখা এবং ভবিষ্যতের চাহিদা পূরণে নতুন উড়োজাহাজ প্রয়োজন হবে। এ জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এখন থেকেই কাজ করতে হবে।
মন্ত্রী আরও বলেন, ৩৫টি উড়োজাহাজ কেনার পরিকল্পনা ভবিষ্যতে দেশের বিমান পরিবহন সক্ষমতা বাড়ানোর একটি অংশ। পর্যায়ক্রমে বিমানবহর সম্প্রসারণের মাধ্যমে ২০০টির বেশি উড়োজাহাজ পরিচালনার সক্ষমতা অর্জন করতে চায় বাংলাদেশ।
এ ছাড়া কানাডা, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও চীনের মতো দেশে সরাসরি ফ্লাইট পরিচালনার সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। এসব রুটে ফ্লাইট চালাতে প্রয়োজনীয় স্লট নিশ্চিত করার বিষয়েও কাজ করার কথা জানান মন্ত্রী।
বিমান পরিবহন খাতের পাশাপাশি পর্যটনশিল্পের বিকাশে নেত্রকোণার বিরিশিরিকে জাতীয় পর্যায়ের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
মতামত