সিলেট বিভাগে হামের পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। প্রতিদিন নতুন করে রোগী শনাক্ত হওয়ার পাশাপাশি হাসপাতালে বাড়ছে সন্দেহজনক হাম রোগীর ভর্তি সংখ্যা। একই সঙ্গে বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে নিশ্চিত ও সন্দেহজনক হাম মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩৫ জনে।
শনিবার (১৫ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী,গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ১৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৫৬ জনে। এর মধ্যে সিলেটে ৩০৫ জন,হবিগঞ্জে ১৪৮ জন,মৌলভীবাজারে ১৪৬ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। হবিগঞ্জের নিশ্চিত রোগীদের মধ্যে দুজন রুবেলা আক্রান্ত রোগীও রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী,গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে নতুন করে ৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৮ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৩ জন,রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন,মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে আটজন এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে একজন ভর্তি হয়েছেন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগী হিসেবে চিকিৎসাধীন রয়েছেন ২৮৪ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১২০ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯০ জন রয়েছেন। এছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন,মাউন্ট এডোরা হাসপাতালে একজন,নর্থ ইস্ট হাসপাতালে ছয়জন,গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন,বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন,সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩০ জন,হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে তিনজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৩ জন চিকিৎসাধীন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুর একজন সিলেট সদর উপজেলার টুকেরবাজার এলাকার সাইফান হোসেন। পাঁচ মাস বয়সী শিশুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। অপরজন ১১ মাস বয়সী তানহা জান্নাত। সিলেটের জকিগঞ্জ উপজেলার ওয়াসার এলাকার এই শিশুটির মৃত্যু হয় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে।
জেলা ভিত্তিক হিসাবে,এ পর্যন্ত নিশ্চিত ও সন্দেহজনক হাম মিলিয়ে সিলেট জেলায় ৫০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪৬ জন সন্দেহজনক এবং চারজন নিশ্চিত হাম রোগী। সুনামগঞ্জে মোট মৃত্যু হয়েছে ৫৫ জনের, যার মধ্যে ৫৪ জন সন্দেহজনক ও একজন নিশ্চিত হাম রোগী।
মৌলভীবাজার ও হবিগঞ্জে পরিস্থিতিও উদ্বেগজনক। এ পর্যন্ত মৌলভীবাজারে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৪৬ জনের। বর্তমানে জেলা সদর হাসপাতালে সন্দেহজনক হাম নিয়ে ১৩ জন চিকিৎসাধীন এবং গত ২৪ ঘণ্টায় নতুন করে আটজন ভর্তি হয়েছেন। অন্যদিকে হবিগঞ্জে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৪৮ জন। বর্তমানে জেলা সদর হাসপাতালে সন্দেহজনক হাম নিয়ে তিনজন চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে একজন ভর্তি হয়েছেন। হবিগঞ্জে নিশ্চিত রোগীদের মধ্যে দুজন রুবেলা আক্রান্ত রোগীও রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের এই পরিসংখ্যান অনুযায়ী, সিলেট বিভাগের চার জেলাতেই হাম পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণ ও কার্যকর প্রতিরোধমূলক পদক্ষেপের প্রয়োজনীয়তা স্পষ্ট হয়ে উঠেছে।
মতামত