নীলফামারীর ডোমার ও ডিমলা উপজেলায় বিদ্যুৎ গ্রাহকদের মতামত ছাড়াই প্রিপেইড মিটার স্থাপনের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় স্থানীয় বিদ্যুৎ গ্রাহক ও এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিদের হাতে থাকা ব্যানারে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি জানানো হয়। পাশাপাশি গ্রাহকদের সঙ্গে আলোচনা না করে এ ধরনের কার্যক্রম পরিচালনার প্রতিবাদ জানান তারা।
বক্তারা বলেন, গ্রাহকদের মতামত ও সুবিধা-অসুবিধা বিবেচনা না করে প্রিপেইড মিটার স্থাপন করা হলে সাধারণ মানুষকে নানা ধরনের ভোগান্তি ও অতিরিক্ত ব্যয়ের মুখে পড়তে হতে পারে। তাই যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে স্থানীয় বিদ্যুৎ গ্রাহকদের সঙ্গে আলোচনা করার দাবি জানান তারা।
এ সময় বক্তারা বিদ্যুৎ সরবরাহের মানোন্নয়ন, লোডশেডিং কমানো এবং গ্রাহকসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
মানববন্ধন শেষে প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন । একই সঙ্গে দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা ।
মতামত