মো. নাছির উদ্দিন, চাঁদপুর:
চাঁদপুরের কচুয়া পৌরসভার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, পৌরসভা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম, বিএনপি নেতা ও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তরিকুল ইসলাম ও পৌরসভা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম জাহিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে কচুয়া পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সংবাদ সম্মেলনে ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে পৌরসভা বিএনপির সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী।বক্তব্যে তিনি বলেন,সম্প্রতি কচুয়া ইসলামিয়া ডিজিটাল ডায়গনস্টিক সেন্টারের ম্যানেজার ওমর ফারুকের সাথে একটি অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে ওমর ফারুক বাদী হয়ে বিএনপির অঙ্গ সংগঠনের উল্লেখিত চার জন নেতার বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা ও হয়রানি মূলক মামলা দায়ের করেন। এটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত । তাদের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আমাদের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানি মূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের জোর দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে শেষে একই দাবিতে কচুয়া বাজার ব্যবসায়ীরা যৌথ ভাবে বাজারের পল্টন ময়দানে মানববন্ধনের আয়োজন করে।
মতামত