চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া ইউনিয়নের দায়চারা গ্রামের পাটওয়ারী বাড়িতে কয়েক দশক ধরে ব্যবহৃত চলাচলের পথে কাঁটাতারের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে স্থানীয় আলী আশরাফ প্রকাশ শিমুলের বিরুদ্ধে। এতে বাড়ির বাসিন্দাদের স্বাভাবিক চলাচল, বাড়ি নির্মাণের মালামাল আনা-নেওয়াসহ দৈনন্দিন কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। সরকারি রাস্তার সীমানা অতিক্রম করে এভাবে বেড়া স্থাপনের অভিযোগে এলাকায় ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দায়চারা মৌজার ৪ নম্বর খতিয়ানের ১৯২ নম্বর দাগটি রাস্তা হিসেবে পাইকপাড়া (দক্ষিণ) ইউনিয়ন পরিষদের নামে বিএস রেকর্ডভুক্ত। এই সরকারি রাস্তার পূর্ব পাশে পাটওয়ারী বাড়ির বাসিন্দাদের চলাচলের পথ ও ব্যক্তিমালিকানাধীন সম্পত্তি রয়েছে।
সম্প্রতি বাড়ি নির্মাণের জন্য নির্মাণসামগ্রী এনে কাজ শুরু করেন পাটওয়ারী বাড়ির লোকজন। অভিযোগ, এ সময় আলী আশরাফ প্রকাশ শিমুল সরকারি রাস্তার মাটি কেটে সেখানে কাঁটাতারের বেড়া স্থাপন করেন। এতে কয়েক দশক ধরে ব্যবহৃত চলাচলের পথ কার্যত প্রতিবন্ধকতার মুখে পড়ে। ভুক্তভোগী পরিবারগুলো বাড়ি থেকে বের হওয়া এবং নির্মাণসামগ্রী পরিবহন নিয়ে চরম ভোগান্তিতে পড়েছে।
এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ করেন ভুক্তভোগীরা। অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা শাহাদাত হোসেন এবং উপজেলা ভূমি অফিসের কানুনগো মো. কাজল মিয়া সরেজমিন তদন্ত করে সহকারী কমিশনার (ভূমি) বরাবর প্রতিবেদন দাখিল করেন।
ভূমি কর্মকর্তাদের তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাদীপক্ষের মালিকানাধীন জমির দাগ নম্বর ১৯১ এবং বিবাদীপক্ষের মালিকানাধীন জমির দাগ নম্বর ১৯৫। উভয় পক্ষের জমির মাঝখান দিয়ে ১৯২ নম্বর দাগে সরকারি রাস্তা চলমান রয়েছে। সরেজমিন তদন্তে দেখা যায়, সরকারি রাস্তার পশ্চিম পাশে বিবাদীর মালিকানাধীন জমি থাকা সত্ত্বেও তিনি রাস্তার পূর্ব পাশে, অর্থাৎ বাদীপক্ষের অংশে কাঁটাতারের বেড়া দিয়ে যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, ভূমি অফিস থেকে একাধিকবার শুনানির নোটিশ পাঠানো হলেও অভিযুক্ত আলী আশরাফ শিমুল উপস্থিত হননি। পরবর্তী সময়ে গত ১১ নভেম্বর তিনি চাঁদপুরের দেওয়ানি আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে মামলা দায়ের করেন।
মামলার তফসিলে উত্তরে সিরাজুর ইসলাম গং, দক্ষিণে দায়চারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্বে রাস্তা এবং পশ্চিমে কলিম উল্যা ও বাসার পাটওয়ারী গংদের উল্লেখ করা হয়েছে। তবে রাস্তার পূর্ব পাশের জমির বিষয়টি যথাযথভাবে উপস্থাপন করা হয়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের।
এ নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, নিজের মালিকানাধীন জমি থাকা সত্ত্বেও সরকারি রাস্তা অতিক্রম করে অন্যের চলাচলের পথে কেন কাঁটাতারের বেড়া স্থাপন করা হলো? ভূমি অফিসের তদন্ত প্রতিবেদনে উঠে আসা তথ্যের পরও কেন ভোগান্তির অবসান হচ্ছে না?
ঘটনাটি নিয়ে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্তের ভয়ে স্থানীয় অনেকেই গণমাধ্যমের সামনে কথা বলতে সাহস পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। এমনকি অভিযুক্তের আপন ভাই বকুলও গণমাধ্যমকে বলেন, “বেড়ার বিষয়ে ভাইয়ের নিষেধাজ্ঞা রয়েছে, আমি কিছু বলতে পারব না।”
এ বিষয়ে অভিযুক্ত আলী আশরাফ শিমুলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আদালতের নিষেধাজ্ঞা আছে, আপনারা পারলে নিউজ করেন।” নিজের মালিকানাধীন জমি বাদ দিয়ে সরকারি রাস্তার অপর পাশে মানুষের চলাচলের পথে কেন বেড়া দেওয়া হয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা না দিয়ে বলেন, “আদালতের কাছে জিজ্ঞেস করেন।”
এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান জানান, “আমি ১-২ দিনের মধ্যে সরেজমিন পরিদর্শনে গিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করব।”
এলাকাবাসীর দাবি, সরকারি রাস্তার সীমানা নির্ধারণ করে কাঁটাতারের বেড়া স্থাপনের বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। সরকারি রাস্তা কিংবা অন্যের জমিতে অবৈধভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়ে থাকলে আইনানুগ ব্যবস্থা নিয়ে দীর্ঘদিনের চলাচলের পথ উন্মুক্ত করতে হবে।
সরকারি রাস্তার সীমানা নিয়ে বিরোধ, ভূমি অফিসের তদন্ত প্রতিবেদন এবং আদালতে দায়ের করা মামলার বিষয়টি এখন প্রশাসনের কার্যকর পদক্ষেপের অপেক্ষায়। পাটওয়ারী বাড়ির বাসিন্দাদের প্রশ্ন—কবে ফিরবে তাদের কয়েক দশকের পুরোনো স্বাভাবিক চলাচলের অধিকার?
মতামত