কুষ্টিয়া শহরের মজমপুর রেললাইন এলাকায় একটি ভাঙারি দোকানে বস্তা থেকে মালামাল ঢালার সময় ককটেল সদৃশ একটি বস্তু বিস্ফোরিত হয়েছে। এতে ভাঙারি মালামাল বিক্রি করতে আসা এক ব্যক্তি ও দোকানদারসহ দুজন আহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন শহরের কোটপাড়া এলাকার জব্বারের ছেলে সুমন (৪০) এবং জগতি পালপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে রুহুল আমিন (৪০)। তারা বর্তমানে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সুমন একটি বস্তায় ভাঙারি মালামাল নিয়ে বিক্রির উদ্দেশ্যে রুহুল আমিনের দোকানে যান। পরে দোকানের ওজন মেশিনে মালামাল ওজন শেষে বস্তা থেকে সেগুলো নিচে ঢালার সময় লাল টেপে মোড়ানো ককটেল সদৃশ একটি বস্তু মাটিতে পড়ে বিস্ফোরিত হয়। এতে সুমন ও দোকানদার রুহুল আমিন আহত হন।
বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি কীভাবে ঘটেছে এবং বিস্ফোরিত বস্তুটি কী ছিল, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার চেষ্টা করছে পুলিশ।
মতামত