প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ শেষে দায়িত্ব পালনের শেষ দিনে দল ও সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে ফেসবুকে আবেগঘন বার্তা দিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। দীর্ঘদিনের দায়িত্ব পালনে সহযোগিতার জন্য তিনি দলের শীর্ষ নেতৃত্ব, ছাত্রদলের নেতাকর্মী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে তাঁর ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে তিনি এই বার্তাটি প্রকাশ করেন।
বিদায়ী বার্তার আগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতা।
১/১১-এর রাজনৈতিক প্রেক্ষাপট থেকে শুরু করে দীর্ঘ ১৭ বছরের জেল, নির্যাতন, গুম ও খুনের ভয়াবহতার কথা স্মরণ করে তিনি সকল ত্যাগী নেতাকর্মীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।
নোয়াখালীর সুবর্ণচরের সন্তান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হওয়া এবং পরবর্তীতে সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকে জীবনের অন্যতম গৌরবময় অধ্যায় হিসেবে উল্লেখ করেন তিনি।
তিনি উল্লেখ করেন যে, রাজনীতি কেবল পদ-পদবির বিষয় নয়; এটি মানুষের জন্য কাজ করার এবং নিজের বিশ্বাসের ওপর অবিচল থাকার এক দীর্ঘ যাত্রা।
বর্তমানে ছাত্রদলের নতুন কমিটি পুনর্গঠনের প্রক্রিয়া চলছে এবং যেকোনো সময় নতুন কমিটি ঘোষণা হতে পারে।
মতামত