পটুয়াখালীর বাউফলের কাছিপাড়া ইউনিয়নের নদী ভাঙনকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় তিনি কাছিপাড়া ইউনিয়নে উপস্থিত হয়ে নদী ভাঙ্গন এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে দেখেন ।
সফরকালে তিনি প্রথমে কাছিপাড়া ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে পরিষদের সদস্য, গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ইউনিয়নের সার্বিক আইনশৃঙ্খলা ও উন্নয়নমূলক বিষয়ে আলোচনা করেন।
পরবর্তীতে তিনি কাছিপাড়া চৌমুহনী বাজারে সিসি ক্যামেরা স্থাপন ও উত্তর কাছিপাড়া ব্রিজ পরিদর্শন করেন এবং কাছিপাড়া মাধ্যমিক বিদ্যালয় সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
শিক্ষাপ্রতিষ্ঠান ও বাজার পরিদর্শনের শেষে ইউএনও সালেহ আহমদ কাছিপাড়া ইউনিয়নের নদী ভাঙনকবলিত এলাকাগুলোতে যান। ভাঙনের চরম ঝুঁকিতে থাকা কাছিপাড়া হিসাজাত সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম কাছিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চররঘুনাথদী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ঐতিহ্যবাহী বাহেরচর বাজার এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে ইউএনও সালেহ আহমেদ জানান, নদী ভাঙন রোধে টেকসই ব্লক দিয়ে স্থায়ি বেড়িবাঁধ নির্মাণের বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন দপ্তরকে দ্রুত অবহিত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এছাড়াও নদী ভাঙ্গনের ঝুঁকিতে থাকা শিক্ষা প্রতিষ্ঠান স্থানান্তরের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে চিঠি দেওয়ার কথা তুলে ধরেন।
মতামত