বাংলাদেশের মাটিতে ভবিষ্যতে আর কোনো স্বৈরাচারী শক্তির জায়গা হবে না বলে মন্তব্য করেছেন সরকার দলীয় হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে নাটোরের হয়বতপুর এলাকায় বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের একাডেমিক ভবন ও সড়ক নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দুলু অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছরের শাসনামলে শেখ হাসিনা দেশের ক্ষতি করেছেন। তার দাবি, দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে সেই পরিস্থিতি থেকে দেশকে রক্ষা করেছে।
তিনি বলেন, দেশে আবারও ষড়যন্ত্রের চেষ্টা চলছে। শেখ হাসিনা ভারতে অবস্থান করে নতুন করে চক্রান্ত করছেন বলেও অভিযোগ করেন তিনি। তবে দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না বলে মন্তব্য করেন দুলু।
ভারতের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ভারত বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র। দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় রাখতে শেখ হাসিনাকে আশ্রয় না দিয়ে বাংলাদেশের কাছে ফেরত পাঠানোর ব্যবস্থা করা উচিত।
অনুষ্ঠানে স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতামত