কুড়িগ্রামের ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের চাপায় এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার ফুলবাড়ী-নাগেশ্বরী সড়কের উপর মোহরটারী গ্রামে।
নিহত শিক্ষার্থী উপজেলা সদরের কুটিচন্দ্রখানার সীমান্তবর্তী নাখারজান গ্রামের আবুল কাশেমের ছেলে মো. শাহিন আলম (১৪)। নিহত শাহিন আলম উপজেলার দাসিয়ারছড়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, শাহিন কয়েকজন বন্ধু মিলে সাইকেলে করে গঙ্গারহাট বাজার থেকে নিজ বাড়ী ফিরছিল। পথে গঙ্গারহাট মোহরটারী হাফিজিয়া মাদ্রাসার কাছে পৌঁছালে একটি অ্যাম্বুলেন্স অন্য একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে শাহিনকে সাইকেলেসহ চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে বন্ধুরা আহত শাহীনকে দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত রংপুরে পাঠানো হয়। রংপুরের বেসরকারি ডক্টরস ক্লিনিকে তার মৃত্যু হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, নিহতের পরিবার থেকে কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মতামত