শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে ভারতের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার পলাতক আসামিদেরও ফিরিয়ে দেওয়ার জন্য নয়াদিল্লির প্রতি আহ্বান জানানো হয়েছে।
সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাতে এই অনুরোধ জানায় বাংলাদেশ। পরে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন সরকারপ্রধানের উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন।
উপ-প্রেস সচিব জানান, বৈঠকে বাংলাদেশ আশা প্রকাশ করেছে যে শেখ হাসিনাকে প্রত্যর্পণের আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া ভারত ত্বরান্বিত করবে। এর পাশাপাশি শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্তদের বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ঢাকার পূর্বের অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র আন্দোলন দমনে প্রাণঘাতী পদক্ষেপের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত নভেম্বরে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করেন। অন্যদিকে, গত বছরের ডিসেম্বরে গুলিতে নিহত হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি। এই হত্যাকাণ্ডের আড়াই মাস পর প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও সহযোগী আলমগীর হোসেন পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হন, যাদের হস্তান্তরের দাবি জানিয়ে আসছে ঢাকা।
সচিবালয়ে অনুষ্ঠিত এই দ্বিপক্ষীয় বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
বৈঠককালে ভারতের নতুন হাইকমিশনারকে স্বাগত জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাধীন জানান, আলোচনায় দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় এবং বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নিতে একটি উপযুক্ত পরিবেশ তৈরির ওপর জোর দেন প্রধানমন্ত্রী। ভারতের হাইকমিশনারও বাংলাদেশে তাঁর গত দুই মাসের দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরেন।
মতামত