পটুয়াখালীর বাউফলে ৫০০টি ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের পশ্চিম বটকাজল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ইমতিয়াজ হোসেন (৪৫), মো. সুমন আকন (৩০) ও মো. মোশারফ মৃধা (৪৩)। তাঁরা নওমালা ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার উপপরিদর্শক (এসআই) সম্বিত রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল শনিবার বিকেলে পশ্চিম বটকাজল এলাকায় অভিযান চালায়। এ সময় ইমতিয়াজ হোসেনের মালিকানাধীন মাছের ঘেরের পূর্ব পাড়ের উত্তর-পূর্ব কোণে থাকা একটি টিনের টংঘরে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে ওই টংঘর থেকে ৫০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পরে ঘটনাস্থল থেকে ইমতিয়াজ হোসেন, সুমন আকন ও মোশারফ মৃধাকে গ্রেপ্তার করা হয়।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মতামত