শাহজাহান আলী মনন সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে এক সাইকেল আরোহীর (চালক) মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৬ টায় উপজেলার বাঙালীপুর ইউনিয়নের সৈয়দপুর-পার্বতীপুর সড়কের কদমতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
নিহত ব্যক্তির নাম আমির আলী মন্ডল (৬৫)। তিনি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পূর্ব কুঠিরপাড়ার মৃত আব্দুস সাহান মন্ডলের ছেলে। গরুর ঔষধ আনার জন্য সৈয়দপুর বাজারে যাওয়ার পথে এই দূর্ঘটনার শিকার হয়েছেন।
জানা যায়, সৈয়দপুর সেনানিবাসের পাশ ঘেষে যাওয়া এই সড়কে পিছন দিক থেকে একটা কাভার্ড ভ্যান দ্রুত গতিতে এসে সাইকেলে ধাক্কা দেয়। এতে সাইকেলসহ চালক রাস্তায় পড়ে গেলে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে পুরো মাথা থেঁতলে গিয়ে সড়কে রক্ত-মগজে ছেয়ে যায়।
শুধু নিথর দেহ আর সাইকেলটি রাস্তার পাশে পড়ে ছিল। কিন্তু মাথার কোন চিহ্নই যেন নাই। মুখাবয়ব না থাকায় তাৎক্ষণিক নিহত ব্যক্তিকে চেনা যাচ্ছিলনা। পরে পরিবারের লোকজন এসে তাঁকে সনাক্ত করেছেন এবং লাশ বাড়িতে নিয়ে গেছেন।
এদিকে ঘটনার পর কাভার্ড ভ্যানটি পালিয়ে গেছে। তবে আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখলে তাদের খোঁজ মিলতে পারে বলে মনে করছেন সবাই। আর যেহেতু পার্বতীপুরের দিক থেকে এসেছে তাই বেলাইচন্ডী ইপিজেড এলাকার সিসিটিভি ফুটেজেও তাদের সনাক্ত করার সম্ভাবনা আছে।
এঘটনায় ঘটনাস্থলে ব্যাপক লোক সমাগম হওয়ায় ওই সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে লাশ উদ্ধার ও সড়কে যান চলাচল নিশ্চিত করতে ব্যবস্থা নেয়। এতে ঘন্টা খানেক পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
মতামত