বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন অভিযোগ করেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি ‘সন্ত্রাসী চক্র’ আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
খন্দকার মারুফ হোসেন বলেন, দাউদকান্দি ও মেঘনা উপজেলায় সন্ত্রাস, নৈরাজ্য, সহিংসতা কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার কোনো অপচেষ্টা মেনে নেওয়া হবে না। শান্তিপ্রিয় মানুষও এসব কর্মকাণ্ড মেনে নেবে না বলে মন্তব্য করেন তিনি। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
২০২৪ সালের গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সব গণতান্ত্রিক শক্তির প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, শান্তিপ্রিয় জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতার বিরুদ্ধে রাজনৈতিক, সামাজিক ও আইনসম্মত প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, তাদের এই সংগ্রাম কোনো প্রতিহিংসার লড়াই নয়; বরং জনগণের জানমালের নিরাপত্তা, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য।
দাউদকান্দি ও মেঘনা উপজেলার মানুষের নিরাপদ জীবন এবং পারস্পরিক সম্প্রীতি রক্ষা নিজেদের অঙ্গীকার উল্লেখ করে খন্দকার মারুফ বলেন, কোনো উসকানি, ষড়যন্ত্র বা অপতৎপরতা এই অঙ্গীকার থেকে তাদের সরাতে পারবে না।
আইনের শাসন, জনগণের ঐক্য ও গণতান্ত্রিক মূল্যবোধের মাধ্যমেই সব ধরনের ‘অপশক্তির’ জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি। শেষে দেশের মানুষের জন্য আল্লাহর সহায়তা কামনা করেন খন্দকার মারুফ হোসেন।
মতামত