সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন করেছে সরকার। নতুন কাঠামোতে ২০টি গ্রেডই বহাল রাখা হয়েছে। তবে ১ জুলাই ২০২৬ থেকে স্কেল কার্যকর ধরা হলেও বাড়তি মূল বেতন একবারে পাবেন না চাকরিজীবীরা। ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে নতুন পে স্কেল অনুমোদন দেওয়া হয়। এতে ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। আর প্রথম গ্রেডের বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। অর্থাৎ সর্বনিম্ন গ্রেডে বেতন বৃদ্ধির হার প্রায় ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ।
নতুন কাঠামোয় নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের তুলনামূলক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ১০ম গ্রেডে মূল বেতন ১৬ হাজার থেকে ৩২ হাজার এবং ১১তম গ্রেডে ১২ হাজার ৫০০ থেকে ২৫ হাজার টাকা করা হয়েছে। ১২তম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধির হার ১০০ শতাংশেরও বেশি।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে তিন ধাপে মূল বেতন বাস্তবায়ন হবে। আর বিভিন্ন ভাতা একযোগে কার্যকর হবে ১ জানুয়ারি ২০২৮ থেকে।
নতুন স্কেলে অবসরপ্রাপ্তদের জন্যও সুবিধা বাড়ানো হয়েছে। মাসে ৯ হাজার টাকা পর্যন্ত নিট পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন ১০০ শতাংশ বাড়বে। এরপর ৯ হাজার ১ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ৭৫ শতাংশ, ২০ হাজার ১ থেকে ৩০ হাজারে ৬৫ শতাংশ, ৩০ হাজার ১ থেকে ৪০ হাজারে ৬০ শতাংশ এবং ৪০ হাজারের বেশি পেনশনে ৫৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে।
এ ছাড়া সব গ্রেডের সরকারি কর্মচারীর জন্য মোবাইল ভাতা চালু হচ্ছে। বিশেষ চাহিদাসম্পন্ন প্রতি সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা করে ভাতা দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে পর্যায়ক্রমে ‘এক গ্রেড এক পেনশন’ ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।
নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের অতিরিক্ত বার্ষিক ব্যয় হবে আনুমানিক ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা। এতে প্রায় ২৪ লাখ সামরিক ও অসামরিক কর্মচারী এবং ৯ লাখের বেশি অবসরপ্রাপ্ত কর্মচারী ও অন্যান্য যোগ্য সুবিধাভোগী মিলিয়ে প্রায় ৩৩ লাখ মানুষ সরাসরি সুবিধা পাবেন।
সরকারের মতে, নতুন বেতন কাঠামো কর্মীদের আর্থিক নিরাপত্তা ও কর্মোদ্দীপনা বাড়ানোর পাশাপাশি জনপ্রশাসনে দক্ষতা ও গতিশীলতা আনতে ভূমিকা রাখবে। তবে বেতন বৃদ্ধির ফলে মূল্যস্ফীতির ওপর অতিরিক্ত চাপ তৈরি না হয়, সেটিও সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে।
মতামত