ভারতের হিমাচল প্রদেশের চাম্বা জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সড়ক থেকে নিচের আরেকটি সড়কে পড়ে উল্টে গেছে। এতে অন্তত ৮ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে বাসটির চালক ও কন্ডাক্টরও রয়েছেন। খবর এনডিটিভির।
শনিবার (৮ আগস্ট) সকালে বৈরাগড়-তিসা সড়কের দেবীকোঠি এলাকার চালুঞ্জ মোড়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
কর্মকর্তারা জানান, শর্মা বাস সার্ভিসের বাসটি সকাল সাড়ে ৬টার দিকে বৈরাগড় থেকে চাম্বার উদ্দেশে রওনা হয়। প্রায় তিন কিলোমিটার যাওয়ার পর বাসটি দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার সময় বাসটিতে ১৮ জন যাত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি প্রথমে সড়কের ওপর উল্টে যায়। পরে সেটি নিচের আরেকটি সড়কে গিয়ে পড়ে। এতে কয়েকজন যাত্রী বাসের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।
যাত্রীদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে গিয়ে পুলিশকে খবর দেন। পরে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), পুলিশ, হোমগার্ড, ফায়ার সার্ভিস ও রাজস্ব বিভাগের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
আহত ১০ জনের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর। তাদের উন্নত চিকিৎসার জন্য চাম্বার পণ্ডিত জওহরলাল নেহরু সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
চাম্বা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে নিহতদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মতামত