ফ্রান্সে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে নতুন চিত্র সামনে এসেছে। জনমত জরিপে এগিয়ে রয়েছেন দেশটির কট্টর ডানপন্থী নেত্রী মারিন ল্য পেন। তার পরেই অবস্থান করছেন কট্টর বামপন্থী নেতা জঁ-লুক মেলঁশোঁ। দেশটিতে রাজনৈতিক বিভাজন বাড়ার মধ্যেই প্রকাশিত হয়েছে এই জরিপের ফল।
৩ থেকে ৫ নভেম্বর জরিপ সংস্থা ‘তলুনা হ্যারিস ইন্টারঅ্যাক্টিভ’-এর করা জরিপে দেখা গেছে, প্রথম দফার নির্বাচনে ল্য পেন ৩৪ থেকে ৩৬ শতাংশ ভোট পেতে পারেন। গত মাসের জরিপেও তিনি ৩৫ থেকে ৩৭ শতাংশ ভোট পেয়ে এগিয়ে ছিলেন।
অন্যদিকে, কট্টর বামপন্থী দল ‘ফ্রান্স আনবাউড’-এর নেতা মেলঁশোঁ পাঁচটি সম্ভাব্য নির্বাচনী পরিস্থিতির সবকটিতেই দ্বিতীয় দফায় যাওয়ার অবস্থানে রয়েছেন। জরিপ অনুযায়ী, তিনি ১৮ থেকে ১৯ শতাংশ ভোট পেতে পারেন।
তবে দ্বিতীয় দফার নির্বাচনে ল্য পেনের কাছে মেলঁশোঁ সহজেই পরাজিত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
মাক্রোঁর দ্বিতীয় ও শেষ পাঁচ বছর মেয়াদী শাসনকাল শেষ হওয়ার পথে। তিনি এমন এক রাজনৈতিক পরিস্থিতি রেখে যাচ্ছেন যেখানে রাজনৈতিক কেন্দ্রের ভিত্তি দুর্বল হয়ে পড়েছে এবং অর্থনীতিও ভঙ্গুর অবস্থায় রয়েছে। যা কট্টরপন্থী দলগুলোর জন্য সুযোগ তৈরি করে দিয়েছে।
মেলঁশোঁ এর আগে ২০১২, ২০১৭ ও ২০২২ সালে তিনবার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কিন্তু কখনোই দ্বিতীয় দফায় পৌঁছাতে পারেননি। লে পেনও একই তিনটি নির্বাচনে অংশ নিয়েছিলেন। এর মধ্যে ২০১৭ ও ২০২২ সালের নির্বাচনে তিনি দ্বিতীয় দফায় মাক্রোঁর কাছে পরাজিত হন।
সূত্র: রয়টার্স।
মতামত