প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর জনপ্রতিনিধিদের সৎ ও দুর্নীতিমুক্ত রাখতে মন্ত্রী এবং সংসদ সদস্যদের (এমপি) বেতন-ভাতা উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব দিয়েছেন।
শুক্রবার (৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রস্তাব দেন।
নুরুল হক নুর বলেন, মন্ত্রীদের মাসিক বেতন অন্তত ১০ লাখ টাকা এবং সংসদ সদস্যদের ৫ লাখ টাকা হওয়া উচিত। তার ভাষায়, নির্বাচনী এলাকায় গেলে জনপ্রতিনিধিদের কাছে বিভিন্ন ধরনের সহযোগিতার আবেদন আসে। পর্যাপ্ত বেতন-ভাতা থাকলে এসব পরিস্থিতি আরও স্বচ্ছভাবে মোকাবিলা করা সম্ভব হবে।
তিনি বলেন, জনপ্রতিনিধিদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা গেলে দুর্নীতির প্রবণতা কমানো সহজ হবে।
সরকারের সমালোচনাকারীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, গত সাড়ে পাঁচ মাসে সরকারের বিরুদ্ধে যেসব সমালোচনা হয়েছে, তার অনেকটাই হিংসা, বিদ্বেষ ও অবিবেচনা থেকে করা হয়েছে। তিনি বলেন, এত অল্প সময়ের একটি সরকারের বিরুদ্ধে সচিবালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি কোনো বিবেকবান মানুষ সমর্থন করতে পারে না।
স্বাস্থ্যসেবা উন্নয়নের প্রসঙ্গ তুলে নুর জানান, দেশের আটটি বিভাগে আটটি স্বয়ংসম্পূর্ণ হাসপাতাল নির্মাণের জন্য ৪০ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলা হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা এবং জেলা সদর হাসপাতালগুলোকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে তিনি বলেন, যারা ছাত্র-জনতার ওপর গণহত্যা চালিয়েছিল, তারা এখনো বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। প্রতিবেশী দেশের সহায়তায় সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
এ কারণে সবাইকে সচিবালয় ঘেরাওয়ের মতো উসকানিমূলক কর্মসূচি থেকে বিরত থেকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
মতামত