দেশে যারা নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে, তাদের সবাই ভারতে পালিয়ে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। রোববার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন উল্লেখ করেন, ‘১৬ ডিসেম্বর শেখ হাসিনার ফেরা রাষ্ট্রীয় বিমান পাঠানোর সঙ্গে সম্পর্কিত’ বলে মন্তব্য করেছেন এম. এ. আরাফাত। এ প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, তিনি আগেই বলেছিলেন—১৬ ডিসেম্বর যত ঘনিয়ে আসবে, সবার সুর এভাবেই পরিবর্তন হবে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক অডিও বার্তা প্রসঙ্গে রাশেদ খাঁন লেখেন, শনিবার রাতে ফেসবুক লাইভের অডিও বার্তায় শেখ হাসিনা বলেছেন, ‘আমি সবকিছু কিনে গুছিয়ে রেখেছি, যদি আমি যাই....’ এবং পরবর্তী সময়ে আরেক জায়গায় বলেছেন, ‘সুযোগ পেলে যাবো’। তবে শেখ হাসিনা ১৬ ডিসেম্বরই দেশে ফিরবেন—এমন কথা একবারের জন্যও স্পষ্ট করে বলেননি বলে দাবি করেন রাশেদ খাঁন। তাঁর মতে, এর মধ্য দিয়ে শেখ হাসিনা ১৬ ডিসেম্বর ফেরার ঘোষণা থেকে একপ্রকার নিজেকে সরিয়ে নিয়েছেন।
পোস্টের শেষাংশে নাশকতা ও অগ্নিসন্ত্রাসে জড়িতদের সতর্ক করে রাশেদ খাঁন লেখেন, যারা আগুনসন্ত্রাস চালাচ্ছেন, তাদের সবাই ভারতে পালিয়ে যেতে পারবেন না। শেখ হাসিনার অডিও বক্তব্যের পর অন্তত এসব কর্মকাণ্ড থেকে সরে আসা উচিত; অন্যথায় নতুন করে জনগণের গণপ্রতিরোধের মুখোমুখি হলে কারও অস্তিত্ব থাকবে না। এ সময় তিনি বাগেরহাটবাসীর প্রতিরোধের প্রসঙ্গও টেনে আনেন।
মতামত