আওয়ামী লীগের ডাকা লকডাউন প্রত্যাহারের দাবিতে বান্দরবানে বিশাল সমাবেশের আয়োজন করেছে জেলা বিএনপি।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজার নেতৃত্বে এই বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা সদরসহ বিভিন্ন উপজেলা থেকে হাজারো নেতাকর্মী মিছিল নিয়ে যোগ দেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জসিম উদ্দিন তুষার। এছাড়াও জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জসিম উদ্দিন তুষার বলেন, "জনগণের বিরুদ্ধে গিয়ে কোনো লকডাউন চাপিয়ে দেওয়া যাবে না। বান্দরবানের সাধারণ মানুষ, ব্যবসায়ী, দিনমজুর, ছাত্র-জনতা এই অযৌক্তিক লকডাউন মানে না। অবিলম্বে এই লকডাউন প্রত্যাহার করতে হবে।"
সভাপতির বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা বলেন, "বান্দরবানের মানুষ শান্তি চায়, উন্নয়ন চায়। হরতাল-লকডাউনের নামে জনজীবন অচল করে দেওয়ার চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা রাজপথে প্রতিহত করবো।"
সমাবেশ থেকে নেতৃবৃন্দ অবিলম্বে লকডাউন প্রত্যাহার করে স্বাভাবিক জনজীবন ফিরিয়ে আনার দাবি জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশ চলাকালে শহরে যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকতে দেখা যায়।
মতামত