সুইডেনের মধ্যাঞ্চলের একটি উচ্চ বিদ্যালয়ে হামলায় নিহত শিক্ষার্থীর পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। নিহত ১৭ বছর বয়সী এক কিশোরী। শুক্রবার বিকেলে ফাগেরস্তার ব্রিনেল স্কুলে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় আরও দুই কিশোর—১২ ও ১৭ বছর বয়সী—গুরুতর আহত হয়েছে। এছাড়া আরও একজন সামান্য আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ গুলি চালানোর পর ১৮ বছর বয়সী এক যুবককে আটক করা হয়। পুলিশ ঘটনাটিকে হত্যা ও হত্যাচেষ্টার মামলা হিসেবে তদন্ত করছে।
হামলার সময় স্কুলের শিক্ষার্থীরা গ্রীষ্মকালীন ছুটির পর সদ্য ক্লাসে ফিরেছিল। ঘটনার পর পুরো এলাকায় জরুরি অবস্থা জারি করা হলেও শনিবার তা প্রত্যাহার করা হয়। স্কুলটিতে প্রায় ৫০০ শিক্ষার্থী পড়াশোনা করে এবং এটি রাজধানী স্টকহোম থেকে প্রায় ১৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।
পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় আটক সন্দেহভাজনের সঙ্গে সংশ্লিষ্ট দুটি বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন হামলার সময় হেলমেট পরা ছিল এবং সে ওই স্কুলের সাবেক শিক্ষার্থী হতে পারে।
শনিবার ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানান সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন এবং বিরোধী দলীয় নেতা ম্যাগদালেনা অ্যান্ডারসন। স্কুলের সামনে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা ফুল দিয়ে নিহতের স্মরণে অস্থায়ী স্মৃতিসৌধ তৈরি করেছেন।
প্রধানমন্ত্রী ক্রিস্টারসন ঘটনাটিকে ‘গুরুতর’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, হামলার পেছনে কী কারণ রয়েছে তা এখনো পরিষ্কার নয়, তবে পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত চালিয়ে যাচ্ছে। সুইডেনের রাজা কার্ল ষোড়শ গুস্তাফও ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন।
মতামত