জয়পুরহাটের পুরানাপৈল এলাকায় চলন্ত ট্রেনের কয়েল স্প্রিং বডি ভেঙে প্রায় তিন ঘণ্টা আটকে ছিল চিলাহাটি থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস। শনিবার সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ রেলরুটে ট্রেন চলাচল ব্যাহত হয়। বিভিন্ন স্টেশনে আটকা পড়ে কয়েকটি ট্রেন। ভোগান্তিতে পড়েন বরেন্দ্র এক্সপ্রেসসহ বিভিন্ন ট্রেনের যাত্রীরা।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা গেছে, চিলাহাটি থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেসটি জয়পুরহাটের পুরানাপৈল রেলগেট এলাকা পার হওয়ার পর হঠাৎ থেমে যায়। পরে দেখা যায়, ট্রেনটির একটি কয়েল স্প্রিং বডি ভেঙে গেছে। ফলে ট্রেনটি আর চলাচল করতে পারেনি।
দীর্ঘ সময় ট্রেনটি দাঁড়িয়ে থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে বিপাকে পড়েন অনেকে। ট্রেনের ভেতরেই দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় তাদের।
বরেন্দ্র এক্সপ্রেস আটকে যাওয়ায় পার্বতীপুর, সান্তাহার, রাজশাহী ও ঢাকাসহ বিভিন্ন রুটের ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটে। কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।
পরে বিষয়টি পার্বতীপুর ও সান্তাহার রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়। সান্তাহার থেকে ঘটনাস্থলে একটি রিলিফ ট্রেন পাঠানো হলে উদ্ধার কার্যক্রম শুরু হয়। প্রায় তিন ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বরেন্দ্র এক্সপ্রেসের পরিচালক ছানোয়ার হোসেন জানান, ট্রেনটির কয়েল স্প্রিং বডি ভেঙে যাওয়ায় এ সমস্যা তৈরি হয়। পরে সান্তাহার থেকে রিলিফ ট্রেন এনে উদ্ধার কার্যক্রম চালানো হয়েছে।
হঠাৎ ট্রেন বিকল হয়ে পড়ায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আকস্মিক এ ঘটনায় কয়েক ঘণ্টার ভোগান্তিতে পড়েন বরেন্দ্র এক্সপ্রেসের যাত্রীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন রুটের যাত্রীরা।
মতামত