নগ্ন ছবি পাঠানোর বিনিময়ে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত এক এজেন্টের কাছে ভারতের গোপন সামরিক তথ্য পাচারের অভিযোগ উঠেছে দেশটির বিমানবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে। দিল্লি পুলিশের অভিযোগপত্রে বলা হয়েছে, ওই উইং কমান্ডার ভারতের যুদ্ধপরিকল্পনা, ড্রোন ইউনিটের সক্ষমতা, যুদ্ধবিমান মোতায়েন, সামরিক মহড়া এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার অবস্থানসহ নানা গোপন তথ্য পাকিস্তানি এজেন্টের কাছে পাঠিয়েছেন। পুলিশের দাবি, এসব তথ্য ফাঁসের কারণে ভারতের জাতীয় নিরাপত্তা ও সামরিক প্রস্তুতি হুমকির মুখে পড়তে পারে।
সরকারি গোপনীয়তা আইন (অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট) অনুযায়ী করা মামলায় গত পাঁচ মাস ধরে পুলিশি হেফাজতে রয়েছেন ওই কর্মকর্তা।
তদন্তে জানা গেছে, ২০২৬ সালের ১২ জানুয়ারি থেকে ১ এপ্রিল পর্যন্ত হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাকিস্তানি এজেন্টের সঙ্গে যোগাযোগ রাখতেন তিনি। এ সময়ের মধ্যে একাধিক গোপন সামরিক নথি পাচার করেন বলে অভিযোগ রয়েছে। গত ১ এপ্রিল নিজের কার্যালয়ে স্মার্টফোন নিয়ে প্রবেশের সময় সন্দেহ হলে তাকে আটক ও তল্লাশি করে পুলিশ।
অভিযোগপত্রে তথ্য পাচারের একটি চাঞ্চল্যকর পদ্ধতির কথাও উল্লেখ করা হয়েছে। পুলিশ জানায়, প্রথমে ওই পাকিস্তানি এজেন্ট উইং কমান্ডারকে একটি নগ্ন ছবি পাঠান। এর জবাবে তিনি ভারতীয় বিমানবাহিনীর গোপন যুদ্ধপরিকল্পনার একটি পাতার ছবি তুলে পাঠান। পরে ওই কর্মকর্তা নিজেই প্রস্তাব দেন, প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে যুদ্ধপরিকল্পনার নথির একটি করে পাতা দেবেন। এভাবেই ব্যক্তিগত ছবি ব্যবহার করে সংবেদনশীল সামরিক তথ্য আদান-প্রদান চলছিল বলে অভিযোগ করেছে পুলিশ।
কী কী গোপন তথ্য পাচার হয়েছিল?
চার্জশিটের তথ্য অনুযায়ী, অভিযুক্ত কর্মকর্তা ভারতীয় বিমানবাহিনীর একটি গোপন ড্রোন ইউনিটের জনবল, সাংগঠনিক কাঠামো এবং পরিচালন পদ্ধতির (অপারেশনাল প্রসিডিউর) বিস্তারিত তথ্য পাকিস্তানি এজেন্টকে দিয়েছেন। ফাঁস হওয়া তথ্যের মধ্যে ড্রোনের পরীক্ষামূলক উড্ডয়ন (ট্রায়াল), কার্যক্ষমতা, আকাশে ওড়ার স্থায়িত্বকাল (ফ্লাইট এনডিউরেন্স) এবং লক্ষ্যবস্তুতে আঘাত হানার প্রযুক্তিসংক্রান্ত (ওয়েপন-টার্গেটিং সিস্টেম) স্পর্শকাতর বিবরণও অন্তর্ভুক্ত ছিল।
পুলিশ আরও জানায়, যুদ্ধাবস্থা তৈরি হলে ওই বিশেষ ড্রোন ইউনিটটি কোন কোন সম্ভাব্য স্থানে মোতায়েন করা হবে, সেই গোপন অবস্থানও ফাঁস করে দিয়েছেন তিনি। তদন্তকারীদের মতে, শত্রুপক্ষের কাছে এ ধরনের তথ্য অত্যন্ত মূল্যবান; কারণ এর মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী ও বিমানবাহিনীর সামগ্রিক রণপ্রস্তুতি ও রণকৌশল সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া সম্ভব।
এ ছাড়া লাদাখের লেহ অঞ্চলে ভারতীয় যুদ্ধবিমান মোতায়েনের বিস্তারিত তথ্য এবং রাজস্থানের সুরাটগড়ের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত একটি সামরিক মহড়ার তথ্যও পাচার করেছেন ওই উইং কমান্ডার। পাশাপাশি দেশের স্পর্শকাতর সামরিক স্থাপনাগুলোর সুনির্দিষ্ট অবস্থান এবং যুদ্ধকালীন সেনা মোতায়েনের ছকও তিনি তুলে দিয়েছেন পাকিস্তানি এজেন্টের হাতে, যা সামরিক স্থাপনা ও অভিযানের নিরাপত্তাকে চরম ঝুঁকিতে ফেলতে পারে।
অধীনস্থ কর্মকর্তাদের ডিভাইসে স্পাইওয়্যার ও সাইবার গুপ্তচরবৃত্তি
মামলাটির তদন্তে সবচেয়ে ভয়াবহ যে তথ্যটি উঠে এসেছে তা হলো, ওই পাকিস্তানি এজেন্ট অভিযুক্ত উইং কমান্ডারকে ম্যালওয়্যার ও স্পাইওয়্যারযুক্ত বেশ কিছু অ্যাপ ও ওয়েব লিংক পাঠিয়েছিলেন। মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে সংরক্ষিত গোপন নথিপত্রে অনুপ্রবেশের উদ্দেশ্যেই এসব ক্ষতিকর সফটওয়্যার পাঠানো হয়েছিল।
চার্জশিটে দাবি করা হয়েছে, অভিযুক্ত কর্মকর্তা নিজের অধীনে কর্মরত পাঁচজন সামরিক কর্মকর্তার ইলেকট্রনিক ডিভাইসে সুকৌশলে ওই নির্দিষ্ট ম্যালওয়্যার ও স্পাইওয়্যার ইনস্টল করার ব্যবস্থা করে দিয়েছিলেন। পুলিশের সন্দেহ, ওই পাঁচ কর্মকর্তার ডিভাইসে থাকা সংবেদনশীল তথ্য এবং তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে হওয়া গোপন যোগাযোগ হাতিয়ে নিতেই এই কৌশল নেওয়া হয়েছিল। অর্থাৎ, অভিযুক্ত কর্মকর্তা কেবল নিজেই তথ্য পাচার করেননি, বরং অধীনস্থ সহকর্মীদের ডিভাইস ব্যবহার করে বড় ধরনের সাইবার গুপ্তচরবৃত্তির পথও সুগম করেছিলেন।
ডিজিটাল প্রমাণ ও তদন্তের অগ্রগতি
দিল্লি পুলিশ তাদের অভিযোগপত্রে অভিযুক্ত বিমানবাহিনী কর্মকর্তা এবং পাকিস্তানি এজেন্টের মধ্যকার যোগাযোগের বিস্তারিত ডিজিটাল রেকর্ড উপস্থাপন করেছে। উইং কমান্ডারের হোয়াটসঅ্যাপ ডেটা বিশ্লেষণ করে দেখা গেছে, দুজনের মধ্যে মোট ৩ হাজার ৮টি টেক্সট মেসেজ, ৬৫টি ছবি, ৬৫টি রিঅ্যাকশন, ৪২টি ভয়েস কল, ৪টি ভিডিও কল এবং ৬টি ইউআরএল (ওয়েব লিংক) আদান-প্রদান হয়েছে।
উদ্ধারকৃত এসব ডিজিটাল তথ্যপ্রমাণের ভিত্তিতে অভিযুক্ত কর্মকর্তা আর কী কী সংবেদনশীল তথ্য পাচার করেছেন এবং এই গভীর ষড়যন্ত্রে বাহিনীর ভেতরের বা বাইরের অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।
মতামত