নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের দেশজুড়ে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদল।
সোমবার (৯ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
এ সময় ‘ছাত্রলীগের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না’ এবং ‘জিয়ার সৈনিক এক হও, লড়াই করো’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। এতে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে ছাত্রদলের নেতারা বলেন, সাধারণ শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে অর্জিত ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ কোনোভাবেই বিনষ্ট হতে দেওয়া হবে না। নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের যেকোনো ধরনের নৈরাজ্য ও ষড়যন্ত্র সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।
চবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বলেন, ‘গত ১৭ বছর ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ওপর অত্যাচার করেছে। আমাদের বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতির বাড়িতেও হামলা করেছে। আমরা তাদের সতর্ক করে দিচ্ছি, এখনো সময় আছে ভালো হয়ে যাও। অন্যথায় পরিণতি ভালো হবে না।’
চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, ক্যাম্পাসে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা ও ফোনে হুমকির প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল করেছি।
এ ছাড়া সারারাত আমরা সজাগ ছিলাম। ক্যাম্পাসে কোনো ধরনের নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে দেওয়া হবে না। নিষিদ্ধ সংগঠনের কর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘চবির হীরকজয়ন্তী উদ্যাপন উপলক্ষে কেউ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা করলে তা শক্ত হাতে দমন করা হবে।’
মতামত