চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের খিরির বিলে পানি জমে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে প্রায় ৩৩ থেকে ৩৫ হাজার বিঘা কৃষিজমি পানির নিচে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো কৃষক। সময়মতো পানি নিষ্কাশন না হওয়ায় জমিতে ফসল আবাদ করতে না পেরে হতাশা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাঁদের।
দাইপুখুরিয়া ইউনিয়নের মোঃ তাজামুল হক ৬০ বছরের এক কৃষক বলেন, আমার ৬ বিঘা জমির উপরে পানি থাকার কারণে সরিষাসহ বিভিন্ন মৌসুমি ফসলের আবাদ করতে পারছি না। কানসাট সুইচগেট বন্ধ থাকায় খিরির বিলের পানি স্বাভাবিকভাবে নিষ্কাশন হতে পারছে না। ফলে দীর্ঘদিন ধরে কৃষিজমিতে পানি জমে রয়েছে। দ্রুত সুইচগেট খুলে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হলে বিলের পানি কমে আসবে এবং কৃষিজমিগুলো পুনরায় চাষাবাদের উপযোগী হবে।
কৃষকরা জানান, তাঁদের জীবিকার প্রধান উৎস কৃষিকাজ। কিন্তু জমিতে পানি জমে থাকায় সরিষাসহ বিভিন্ন মৌসুমি ফসলের আবাদ নিয়ে তাঁরা চরম দুশ্চিন্তায় রয়েছেন। সময়মতো পানি না নামলে চলতি মৌসুমে ফসল উৎপাদন ব্যাহত হবে। এতে কৃষকদের ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। অনেক কৃষক পরিবার নিয়ে কীভাবে জীবিকা নির্বাহ করবেন, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।
স্থানীয় কৃষকদের দাবি, কানসাট স্লূইসগেট খুলে দিলে দ্রুত খিরির বিলের পানি নিষ্কাশন সম্ভব হবে। এতে দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে মুক্তি পাবেন তাঁরা। পাশাপাশি জমিতে আবারও সরিষাসহ বিভিন্ন ফসলের আবাদ করতে পারবেন।
এ অবস্থায় কৃষকদের দুর্ভোগের বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী কৃষকরা।
এবিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম জানান, এই খিরির বিলে জলাবদ্ধতার বিষয়টি আমরা অবগত হয়েছি। সুইচগেটের মাধ্যমে পানি নিয়ন্ত্রণ ও নিষ্কাশনের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কৃষকদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করে জলাবদ্ধতার প্রকৃত কারণ চিহ্নিত করা হবে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে কৃষকদের এ সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।
কৃষকদের একটাই দাবি, দ্রুত কানসাট সুইচগেট খুলে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। তাঁরা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন। এতে হাজারো কৃষকের মুখে আবারও হাসি ফুটবে এবং কৃষিজমিতে ফিরবে ফসলের আবাদ।
মতামত