মৌলভীবাজারের কুলাউড়ায় রাবার বাগানের ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভাটেরা রাবার বাগান শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল উদ্দিনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে প্রায় ৫ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাটেরা রাবার বাগানের অভ্যন্তরে ঘাঘরাছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, কামাল উদ্দিনের বিরুদ্ধে ক্ষমতার প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে রাবার বাগানের ঘাঘরাছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ রয়েছে। উত্তোলিত বালু ইসলামনগর সরকারি ঘরের পাশের পানির ট্যাংকির কাছে মজুত করে রাখা হয়েছিল। পরে অভিযান চালিয়ে ওই স্থান থেকে প্রায় ৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। অভিযানে পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস জানান,পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলন ও ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা বালুর পাশাপাশি অভিযুক্ত কামাল উদ্দিনের বিরুদ্ধে কুলাউড়া থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মতামত