সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে ৫৫তম সমবায় দিবস উদযাপিত হওয়ার কথা থাকলেও কাঙ্খিত উপস্থিতি না থাকায় বিস্ময় প্রকাশ করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
রোববার বেলা ১১টায় প্রায় শতাধিক মানুষের অংশগ্রহণে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও রাষ্টপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই আল্লামা আল ওযাদুদ বিন নুর আলিফ।
প্রধান অতিথি তার বক্তব্যে জনসমাগম কম দেখে হতাশা ও বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, উপজেলা সমবায়ের তালিকা অনুযায়ী এ দপ্তরের আওতাধীন বিভিন্ন সমিতির মোট সদস্য সংখ্যা প্রায় ১১ হাজার। অথচ আজকের সমবায় দিবসের অনুষ্ঠানে তার চার ভাগের এক ভাগেরও উপস্থিতি নেই। যদি এক ভাগ সদস্যও উপস্থিত থাকত, তবে অনুষ্ঠানটি অনেক প্রাণবন্ত ও জমজমাট হতো।
সরেজমিনে দেখা যায়, তার এই বক্তব্যের সময় উপজেলা পরিষদ হলরুমের অধিকাংশ চেয়ারই ফাঁকা পড়ে ছিল। এমনকি প্রায় ১০টি নির্ধারিত অতিথির আসনের মধ্যে মাত্র তিনজন অতিথি উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, হলরুমে সর্বোচ্চ দুই শতাধিক চেয়ার বসানোর ব্যবস্থা রয়েছে। কিন্তু অনুষ্ঠানে এর অর্ধেকের বেশি চেয়ারই ফাঁকা ছিল। অপরদিকে হলরুমে কিছু বান্ডেল করে রাখা চেয়ার খোলায় হয়নি। অনুষ্ঠানটি শুধুমাত্র দায়সারাভাবে আয়োজন করা হয়েছে বলে উপস্থিত অনেকে মন্তব্য করেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহানের সভাপতিত্ব করার কথা থাকলেও তিনি জেলা সভায় থাকার কারণে উপস্থিত ছিলেন না। তবে উপজেলা কালবের সভাপতি আব্দুস সালাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যান্যদের মধ্যে পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী ও উপজেলা সমবায় কর্মকর্তা আহমেদ হোসেন উপস্থিত ছিলেন।
সমিতি সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক অনেকের অভিযোগ, উপজেলা সমবায় কর্মকর্তা আহমেদ হোসেনের বিভিন্ন নিয়ম-বহির্ভূত কার্যক্রম ও সমিতিগুলোর কাছে অনৈতিক সুবিধা গ্রহণের প্রবণতার কারণে সাধারণ মানুষ ও সমিতির সদস্যদের মাঝে এক ধরনের অনীহা তৈরি হয়েছে। বিশেষ করে অনেক মৎস্যজীবী সমবায় সমিতিও সঠিক নিয়মের তোয়াক্কা না করে কেবল সংশ্লিষ্ট কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করে অনিয়মের মাধ্যমে পরিচালিত হচ্ছে—যা সমবায় খাতের অগ্রগতির অন্তরায় বলে মনে করছেন সচেতন মহল। আর এ কারণেই দিবসে মানুষের উপস্থিতি কম।
এ বিষয়ে বক্তব্য নিতে উপজেলা সমবায় কর্মকর্তা আহমেদ হোসেনের দপ্তরে বেলা ২টার দিকে গেলে তাকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে ফোন দিলে তিনি ফোন রিসিভ করে বলেন,তিনি এখনেই অফিস থেকে বের হলেন। অনুষ্ঠানে উপস্থিতি ও আয়োজন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আয়োজন ভালো হয়েছে ৪শত খাবারের প্যাকেট দিয়েছি। আমার প্যাকেটটাও পায়নি। তবে হলরুমের চেয়ার এত ফাঁকা কেন ছিল। আয়োজনের কোন খাততি ছিল কিনা প্রশ্নে বলেন, ফোন রাখেন আমি গাড়ী চালাচ্ছি। পরে কথা হবে বলে ফোন কেটে দেন।
মতামত