জয়পুরহাটে জিয়া পরিষদের পৌর শাখার সাধারণ সম্পাদক মারুফ হাসানকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় সংগঠনের মান-মর্যাদা ক্ষুণ্ন করার অভিযোগে তাঁর বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
গতকাল রোববার (৮ নভেম্বর) জিয়া পরিষদ জয়পুরহাট জেলা শাখার সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম বকুল ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। আজ সোমবার দুপুরে অধ্যাপক আমিনুল ইসলাম বকুল তাঁর ফেসবুক অ্যাকাউন্টে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেন।
জানতে চাইলে অধ্যাপক আমিনুল ইসলাম বকুল বলেন, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মারুফ হাসান সংগঠনের মান-মর্যাদা নষ্ট করেছেন। এ কারণে তাঁকে বহিষ্কার করা হয়েছে।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ নভেম্বর জেলা প্রশাসন আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় মারুফ হাসান সংগঠনবিরোধী ও আপত্তিকর শব্দচয়ন করেন। এতে উপস্থিত ব্যক্তিরা ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন। তাঁর বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ কারণে ৮ নভেম্বর থেকে তাঁকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কারের চিঠি পাওয়ার কথা স্বীকার করে মারুফ হাসান বলেন, ‘আমি আগাগোড়াই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। তবে অসুস্থতার কারণে মাঝখানে একটু নিষ্ক্রিয় থেকেছি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বক্তব্য দেওয়ার সময় আমার কিছু শব্দচয়ন ভুল হয়েছিল। আমি কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না।’
এরআগে গত ৭ নভেম্বর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় হট্টগোলের ঘটনা ঘটে। সভায় বক্তব্য দেওয়ার একপর্যায়ে মারুফ হাসান শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলে উল্লেখ করেন। এ সময় উপস্থিত কয়েকজন এর প্রতিবাদ করেন। একপর্যায়ে হট্টগোল শুরু হলে তাঁকে ডায়াস থেকে সরিয়ে দেওয়া হয়।
এ ঘটনার পর ওই দিন শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের (ডিসি) প্রত্যাহারের দাবিতে ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয় জেলা ছাত্রদল। আলোচনা সভার ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকা এবং সভায় শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ সম্বোধন করার সময় জেলা প্রশাসক নীরব ছিলেন এমন অভিযোগে তারা এ আলটিমেটাম দেয়।
মতামত