মৌলভীবাজারের কুলাউড়া সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নেওয়াকে কেন্দ্র করে কুলাউড়া ও জুড়ী উপজেলার সিএনজিচালকদের মধ্যে হামলা-পাল্টা হামলা ও গাড়ি আটকে রাখার ঘটনার জেরে দুই উপজেলার মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এরই মধ্যে কুলাউড়ায় এক অনুষ্ঠানে জুড়ীবাসী ও জুড়ী-বড়লেখার সংসদ সদস্য নাসির উদ্দিন আহমদ মিঠুকে নিয়ে কটাক্ষমূলক বক্তব্য দেওয়ার প্রতিবাদে জুড়ীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে জুড়ী বীর মুক্তিযোদ্ধা এম এ মুমিত আসুক চত্বরে জুড়ীবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
জানা যায়, কুলাউড়ায় সিএনজি চালকদের এক শপথ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি দলীয় সংসদ সদস্য শওকতুল ইসলাম শকুর উপস্থিতিতে বক্তব্য দেন কুলাউড়া সিএনজি চালক সংগঠনের উপদেষ্টা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউল আলম ভূঁইয়া খোকন। এ সময় তিনি জুড়ীবাসী ও জুড়ী-বড়লেখার সংসদ সদস্য নাসির উদ্দিন আহমদ মিঠুকে নিয়ে কটাক্ষ করে বক্তব্য দেন বলে অভিযোগ ওঠে। বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জুড়ী ও বড়লেখার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন জুড়ী উপজেলা বাস-লাইটেস শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক মোস্তাকিম আহমদ, সাবেক সাধারণ সম্পাদক দুদুল মিয়া, উপজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামরুল হাসান, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল জব্বার, কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আহ্বায়ক ইলিয়াছুর রহমান ময়না, সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি মাসুক মিয়া, শ্রমিক নেতা আব্দুস সহিদ, বড়লেখা শ্রমিক ইউনিয়নের নেতা নজরুল ইসলাম, সাইফুর রহমান খলকু,রাসেল আহমদ, ইকবাল আহমদ, ইসলাম উদ্দিন, শ্রমিক নেতা পাপলু মিয়া ও ব্যবসায়ী জহির রায়হান প্রমুখ।
এ সময় জুড়ী ও বড়লেখা উপজেলার বিভিন্ন পর্যায়ের পরিবহন শ্রমিক, ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা রেজাউল আলম ভূঁইয়া খোকনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন,জুড়ীবাসী ও জুড়ী-বড়লেখার সংসদ সদস্যকে নিয়ে কটাক্ষ করে তিনি এ অঞ্চলের মানুষের অনুভূতিতে আঘাত করেছেন। কোনো রাজনৈতিক নেতার এভাবে কোনো জনপ্রতিনিধি কিংবা একটি অঞ্চলকে হেয় করে বক্তব্য দেওয়া রাজনৈতিক ও সামাজিক শিষ্টাচারবহির্ভূত।
বক্তারা আরও বলেন,প্রকাশ্যে জনসম্মুখে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে জুড়ী-বড়লেখাবাসী ও সংসদ সদস্যের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
একই সঙ্গে কুলাউড়া সিএনজি ফিলিং স্টেশনে জুড়ী ও বড়লেখার সিএনজিচালকদের সঙ্গে কথিত অন্যায় আচরণ, শারীরিকভাবে লাঞ্ছিত করা, লাইনে শৃঙ্খলা ভঙ্গ করে কুলাউড়ার সিএনজিচালকদের আগে গ্যাস নেওয়ার অভিযোগেরও অবসান দাবি করেন বক্তারা। তাঁরা ফিলিং স্টেশনে সব এলাকার চালকদের জন্য সমান সুযোগ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
মতামত