রাজধানীর বনানীতে জুমার নামাজ আদায় শেষে একদল শিশু-কিশোরের সঙ্গে কুশল বিনিময় ও খেলাধুলা নিয়ে গল্প করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে তাদের জন্য খেলাধুলার সরঞ্জামের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন তিনি।
শুক্রবার রাজধানীর বনানীতে বাংলাদেশ নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায়ের পর তিনি শিশুদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ‘নামাজ শেষে প্রধানমন্ত্রী শিশুদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং তারা কী কী খেলা খেলে ও পছন্দ করে তা জানতে চান।’
রুমন আরও জানান, কয়েকজন শিশু জানায় তারা ফুটবল ও ক্রিকেট খেলে, তখন প্রধানমন্ত্রী তারা বাস্কেটবল ও টেবিল টেনিস খেলে কি না তাও জানতে চান।
তিনি জানান, প্রধানমন্ত্রী শিশুদের আশ্বাস দেন যে তিনি তাদের জন্য খেলাধুলার সরঞ্জামের ব্যবস্থা করবেন।
এরপর তারেক রহমান শিশুদের সঙ্গে করমর্দন করেন এবং ‘ঠিক আছে, সবাই ভালো থেকো’ বলে তাদের কাছ থেকে বিদায় নেন।
মতামত