সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) দুই বছর পূর্তি উপলক্ষ্যে দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ উদযাপন এবং নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯ টায় সুবিপ্রবির শান্তিগঞ্জস্থ অস্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতিক পায়রা অবমুক্ত ও বর্ণাঢ্য আনন্দ র্যালীর মাধ্যমে বিশ্ববিদ্যালয় দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
র্যালীটি সুবিপ্রবির অস্থায়ী ক্যাম্পাস থেকে শুরু হয়ে শান্তিগঞ্জ ঝিলমিল অডিটোরিয়ামে আলোচনা সভায় এসে মিলিত হয়।
সুবিপ্রবির গণিত বিভাগের বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে ও সুবিপ্রবির রসায়ন বিভাগের শিক্ষার্থী আবিদা জামান নাফি এবং হামজা আহমেদের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাকির হুসাইন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, সুবিপ্রবির উপ উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার, সুবিপ্রবির সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন ও শান্তিগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. জাকির হুসাইন বলেন, বিশ্ববিদ্যালয় গবেষণাধর্মী শিক্ষা কেন্দ্র। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত মুলত পাঠ্যবই নির্ভর পড়াশোনা করা হয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার প্রায় ৬০ ভাগ গবেষণাধর্মী। এখানে রিসার্চ করে নতুন নতুন বিষয়ে ধারনা উদ্ভাবন করা হয়। তবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস না থাকায় নানা সীমাবদ্ধতা রয়েছে। আমরা আশা রাখছি বর্তমান সরকারের সময়ে সুবিপ্রবির স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়ন করা হয়। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে রিসার্চের সকল আধুনিক সুযোগ সুবিধা থাকবে। এমন একটি অডিটোরিয়াম থাকবে যেখানে বিশ্ববিদ্যালয়ের দুই থেকে আড়াই হাজার শিক্ষার্থী এসির বাতাসে বসে প্রোগ্রাম উপভোগ করবে।
তিনি আরো বলেন- 'এই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস না থাকলেও এখানে শিক্ষার্থীদের যে সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে এবং আরো সামনে সুযোগ বৃদ্ধি করা হচ্ছে, আমি বিশ্বাস করি এখান থেকে শিক্ষা অর্জন করে শিক্ষার্থীরা বের হয়ে গোটা বিশ্বের বুকে অবদান রাখবে। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য এই বিশ্বিবদ্যালয়ের শিক্ষার্থীরা নেতৃত্বের আসনে উপনীত হবে। আমরা প্রত্যাশা রাখছি সরকারের আন্তরিকতায় গবেষণার দিগন্ত উন্মোচন করে এই বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জকে শিক্ষাক্ষেত্রে বহুদূর এগিয়ে নিয়ে যাবে।'এসময় সুবিপ্রবির শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
মতামত