জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব স্যানিটারি ইন্সপেক্টরের। অথচ পটুয়াখালীর বাউফলে তাঁর নির্ধারিত কার্যালয়টি পড়ে আছে তালাবদ্ধ। চারপাশে ময়লা-আবর্জনা, ঝোপঝাড় আর বারান্দায় রাখা লেপ-তোশক তৈরির সামগ্রী। এতে সাধারণ মানুষের সেবা পাওয়া নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন হাসপাতাল এলাকায় সরেজমিনে এমন চিত্র দেখা যায়। কার্যালয়ের সামনে নেই কোনো সাইনবোর্ড। ভেতরের আসবাবপত্রও অব্যবহারে নষ্ট হওয়ার উপক্রম।
স্যানিটারি ইন্সপেক্টর এম এম শাহাবুদ্দিন জানান, প্রায় পাঁচ মাস ধরে বিদ্যুৎ-সংযোগ না থাকায় তিনি কার্যালয়ে বসেন না। মাঠপর্যায়ের কাজও করতে হয়।
তবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রউফ জানান, কার্যালয়টি মেরামতের প্রয়োজন। এ কারণে শাহাবুদ্দিন প্রধান সহকারীর কক্ষে বসে দাপ্তরিক কাজ করেন। সংস্কারের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
জনস্বাস্থ্য সুরক্ষার দায়িত্বে থাকা কার্যালয়ের এমন অব্যবস্থাপনা দূর করে নিয়মিত সেবা নিশ্চিত করার দাবি স্থানীয়দের।
--
মতামত