চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরকজয়ন্তী উদ্যাপনের অনুষ্ঠানমালা সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালক, প্রক্টর এবং ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক উপস্থিত ছিলেন।
সভায় হীরকজয়ন্তী উদ্যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালায় বিশ্ববিদ্যালয়ের সব অনুষদ, বিভাগ ও ইনস্টিটিউটের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি অনুষ্ঠানমালার সফল আয়োজন, সংশ্লিষ্ট সবার মধ্যে কার্যকর সমন্বয় সাধন এবং দায়িত্ব বণ্টনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও করণীয় নির্ধারণ করা হয়।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছয় দশকের গৌরবময় পথচলা উদ্যাপন সবার সম্মিলিত প্রয়াসের বিষয়। হীরকজয়ন্তীর অনুষ্ঠানমালাকে সফল, সুশৃঙ্খল ও স্মরণীয় করে তুলতে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদ, বিভাগ ও ইনস্টিটিউটকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে অংশগ্রহণ করতে হবে।
এ সময় তিনি সংশ্লিষ্ট সবাইকে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।
মতামত