মো. আবদুল আউয়াল, স্টাফ রিপোর্টার:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে কুচিয়ামোড়া-গোডাউন বাজার সড়কের ঘোড়ামারা অংশে ভারী যানবাহন চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের ঘোড়ামারা রেললাইনের নিচে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার প্রায় ৬০ জন বাসিন্দা অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, সরু ও ভাঙাচোরা সড়ক দিয়ে প্রতিনিয়ত ভারী যানবাহন চলাচলের কারণে এলাকায় প্রচুর ধুলাবালির সৃষ্টি হচ্ছে। এতে ঘরবাড়িতে ধুলো প্রবেশের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। ধুলাবালির কারণে শ্বাস নিতে কষ্ট হয় বলেও অভিযোগ করেন তাঁরা।
এ সময় ইটভাটা ও সিরামিক কারখানার মালিকদের সড়কে নিয়মিত পানি ছিটিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করার দাবি জানান এলাকাবাসী। পাশাপাশি এ সড়কে চলাচলের অনুমোদন নেই—এমন অতিরিক্ত ভারী যানবাহন চলাচল বন্ধের দাবি জানান তাঁরা।
মানববন্ধন থেকে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এলাকার অনুমোদনহীন ইটভাটাগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে ভারী যানবাহন ও ইটভাটার গাড়ি চলাচলের জন্য নদীর পাড় দিয়ে বিকল্প সড়ক নির্মাণের দাবি জানান স্থানীয়রা।
মতামত