ঐতিহ্য ও দীর্ঘ সংগ্রামের পথ পরিক্রমায় ৪৮ বছর পূর্ণ করল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। এই উপলক্ষকে স্মরণীয় করে রাখতে রংপুরে বিভিন্ন বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে সংগঠনটির জেলা শাখা। কর্মসূচির মধ্যে ছিল এক বিশাল শোভাযাত্রা ও স্বেচ্ছায় রক্তদান অভিযান।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে অবস্থিত বিএনপি কার্যালয় প্রাঙ্গণ থেকে জেলা যুবদলের উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
জেলা যুবদলের সভাপতি মো. নাজমুল আলম নাজুর সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে রংপুর জেলা বিএনপির সদস্য ও সাবেক কাউন্সিলর মো. লিটন পারভেজ উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে জেলা যুবদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি রাকিব হাসান, সহ-সভাপতি আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ্ জিল্লুর রহমান জেমস, যুগ্ম সম্পাদক তামজিদুর রশিদ গালিব এবং শ্রী বিপ্লবসহ শীর্ষ স্থানীয় নেতারা অংশ নেন।
শোভাযাত্রা পরবর্তী সময়ে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত রক্তদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন।
উক্ত প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে জেলার অন্তর্ভুক্ত ৮টি উপজেলার যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নেতৃত্বাধীন বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মতামত