দেশের সব মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ কোনো মহাসড়কেই এসব যান চলতে দেওয়া হবে না। নিয়ম অমান্য করে মহাসড়কে উঠলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (১৮ আগস্ট) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নতুন এই প্রযুক্তির মাধ্যমে অতিরিক্ত গতি, অবৈধ পার্কিং, উল্টোপথে গাড়ি চালানোসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘন স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হবে। অপরাধ ধরা পড়ার পর গাড়ির নিবন্ধিত মালিকের মোবাইলে এসএমএসের মাধ্যমে মামলার তথ্য ও জরিমানার নোটিশ পাঠানো হবে। নির্ধারিত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে জরিমানাও পরিশোধ করা যাবে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পরীক্ষামূলকভাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হওয়া এআই ক্যামেরায় কোনো ত্রুটি পাওয়া গেলে তা সংশোধন করা হবে। পরে পর্যায়ক্রমে দেশের অন্যান্য মহাসড়কেও এই প্রযুক্তি চালু করা হবে।
মহাসড়কে চাঁদাবাজি নিয়েও কথা বলেন তিনি। মালিক বা শ্রমিক—যে পক্ষের বিরুদ্ধেই চাঁদাবাজির অভিযোগ থাকুক, ক্যামেরার মাধ্যমে তা নজরদারির আওতায় আসবে বলে জানান তিনি।
হাইওয়ে পুলিশের মতে, প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থা ট্রাফিক আইন প্রয়োগকে আরও দ্রুত ও স্বচ্ছ করার পাশাপাশি অতিরিক্ত গতি, বেপরোয়া চালনা ও উল্টোপথে চলাচল নিয়ন্ত্রণে সহায়তা করবে। এতে মহাসড়কে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি সড়ক দুর্ঘটনা কমারও প্রত্যাশা করা হচ্ছে।
মতামত