ফরিদপুরের কানাইপুরে ঢাকা-খুলনা মহাসড়কের তেঁতুলতলা এলাকায় বালুবোঝাই ট্রাক উল্টে প্রাইভেটকারের ওপর পড়লে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পলাশ মিয়ার স্ত্রী সুমি বেগম (৩২) ও তাঁর ছেলে শাওন (৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুমির পরিবার মাগুরার মোহাম্মদপুরে বাবার বাড়ি থেকে প্রাইভেটকারে করে ঢাকার দিকে যাচ্ছিল। পথে ফরিদপুরের কানাইপুরের তেঁতুলতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে প্রাইভেটকারটির ওপর পড়ে। এতে গাড়িটি চাপা পড়ে হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয়রা প্রাইভেটকারে থাকা ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুমি ও তাঁর ছেলে শাওনের মৃত্যু হয়। আহত তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে প্রাইভেটকারের পাশাপাশি একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়েছে। বালুর নিচে প্রাইভেটকারের ভেতরে একজন আটকা পড়েছিলেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন এবং তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।
করিমপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি হাইওয়ে থানায় এনে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মতামত