শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
রংপুরে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ৪, তিনজনই পোশাকশ্রমিক

রংপুরে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ৪, তিনজনই পোশাকশ্রমিক

রংপুরের মিঠাপুকুরে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বাসিন্দা। তাঁরা ঢাকায় পোশাকশ্রমিক হিসেবে কাজ করতেন। নিহত অপর ব্যক্তি বাসের সহকারী (হেলপার)। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। আজ বুধবার ভোর ৫টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ বাজারে শাহ আমানত পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিন যাত্রী হলেন মোজাফফর রহমান (৪০), গোলাপি (৩৫) ও আলমগীর হোসেন (৪০)। তাঁরা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বাসিন্দা। নিহত বাসসহকারীর নাম আপেল। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, ঢাকা থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীগামী খান এন্টারপ্রাইজের একটি বাস মহাসড়কে দাঁড়িয়ে থাকা মাটিবোঝাই ডাম্প ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের কয়েকজন যাত্রী হতাহত হন। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও তিনজন। বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম উদ্দিন চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন মারা গেছেন। গুরুতর আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সর্দার আব্দুল জলিল বলেন, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের হাসপাতালে আনার পর তাঁদের মধ্যে তিনজন মারা যান।

সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন ও বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের আহ্বান

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব সুনির্দিষ্ট করা এবং আইন বাস্তবায়নে জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বক্তারা। পাশাপাশি দুর্ঘটনার নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে শক্তিশালী ডেটা সেল গঠন এবং পরিবহন খাতগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তাঁরা। আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবে নিরাপদ সড়ক চাই (নিসচা) আয়োজিত ‘সড়ক নিরাপত্তা আইন: বর্তমান প্রেক্ষিত ও সরকারের অঙ্গীকার’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। বৈঠকে সঞ্চালনা ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিসচার মহাসচিব লিটন এরশাদ। তিনি বলেন, সড়ক দুর্ঘটনা কেবল বিচ্ছিন্ন কোনো সমস্যা নয়। এর সঙ্গে পরিবহন ব্যবস্থাপনা, অবকাঠামো, আইন প্রয়োগ, চালকদের প্রশিক্ষণ, যাত্রী সচেতনতা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ের বিষয় জড়িত। তাই দুর্ঘটনা কমাতে বিচ্ছিন্ন পদক্ষেপের পরিবর্তে সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। বৈঠকে সড়ক দুর্ঘটনার নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিশ্লেষণের জন্য কার্যকর ‘রোড সেফটি ডেটা সেল’ গঠনের প্রস্তাব দেওয়া হয়। বক্তারা বলেন, দুর্ঘটনা প্রবণ এলাকা, দুর্ঘটনার কারণ, হতাহতের সংখ্যা, যানবাহনের ধরন, সড়কের অবস্থা ও আইন লঙ্ঘনের তথ্য নিয়মিত বিশ্লেষণ করা গেলে কার্যকর পরিকল্পনা গ্রহণ সহজ হবে। পাশাপাশি গৃহীত পদক্ষেপের অগ্রগতিও মূল্যায়ন করা সম্ভব হবে। পরিবহন খাতগুলোর মধ্যে প্রশাসনিক সমন্বয় বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। বক্তারা সড়ক, নৌ, রেল ও বিমানপথের পরিকল্পনা ও ব্যবস্থাপনা একই মন্ত্রণালয়ের আওতায় এনে সমন্বিতভাবে পরিচালনার বিষয়টি বিবেচনার আহ্বান জানান। এ ক্ষেত্রে আন্তর্জাতিক অভিজ্ঞতা পর্যালোচনা ও তুলনামূলক গবেষণার ওপরও গুরুত্ব দেন তাঁরা। বৈঠকে জাতিসংঘের ‘সেফ সিস্টেম’ পদ্ধতি অনুসরণের পাশাপাশি গতিনিয়ন্ত্রণ, চালকদের দক্ষতা ও প্রশিক্ষণ, কর্মপরিবেশ, যানবাহনের নিরাপত্তা, পথচারীদের সুরক্ষা এবং দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার ও চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, শুধু অবকাঠামো উন্নয়ন কিংবা আইন প্রয়োগের মাধ্যমে সড়ক দুর্ঘটনা পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব নয়। এ জন্য পরিবহন মালিক-শ্রমিক সংগঠন, সরকারি সংস্থা, নাগরিক সমাজ ও গণমাধ্যমকে সম্পৃক্ত করে কার্যকর কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বাস্তবায়ন পর্যালোচনা করে প্রস্তাবিত সড়ক নিরাপত্তা আইনে দুর্ঘটনা প্রতিরোধ, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব নির্ধারণ, নিয়মিত তদারকি এবং অগ্রগতি প্রকাশের ব্যবস্থা রাখার মত দেন বক্তারা। জাতিসংঘের সড়ক নিরাপত্তা কর্মদশক ২০২১-২০৩০-এর লক্ষ্য অর্জনে জাতীয় কর্মপরিকল্পনা, দায়িত্বপ্রাপ্ত সংস্থা, সময়সীমা ও অগ্রগতি পরিমাপের সূচক নির্ধারণের ওপরও গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি বক্তব্য দেন নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয়। তিনি বলেন, সড়কে নিরাপত্তা জোরদারে নিসচার স্বপ্নদ্রষ্টা ইলিয়াস কাঞ্চনের দীর্ঘদিনের দাবি অনুযায়ী সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের উদ্যোগ নেওয়ায় সরকারকে সাধুবাদ জানাই। গোলটেবিল বৈঠকের সারসংক্ষেপ ও অংশীজনদের মতামতের আলোকে ২০২৭ সালের মধ্যে সড়ক নিরাপত্তা আইন বাস্তবায়িত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। নিসচার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন ভার্চ্যুয়ালি বক্তব্যে বলেন, গত ৩৩ বছর ধরে নিসচা সড়ক নিরাপত্তায় জনসচেতনতা তৈরি, দুর্ঘটনা প্রতিরোধের দাবি জানানো এবং মাঠপর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরার কাজ করছে। ২০১৮ সালে শিক্ষার্থীদের আন্দোলনের পর সড়ক পরিবহন আইন, ২০১৮ প্রণয়নের প্রসঙ্গ তুলে ধরে তিনি সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকারের উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিআরটিএর চেয়ারম্যান হাবীবুর রহমান, বিআরটিসির চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর, বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী, দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, বুয়েটের অধ্যাপক ও সড়ক বিশেষজ্ঞ ড. শামসুল হক, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আইয়ুব ভুঁইয়া, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) মুনতাসিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান প্রমুখ। বৈঠকে নিসচার পক্ষ থেকে প্রস্তাবিত সড়ক নিরাপত্তা আইন পর্যালোচনা, অংশীজনদের মতামত তুলে ধরা এবং আইন বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণে সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রস্তুতির কথা জানানো হয়।

সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন ও বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের আহ্বান

রাহুল গান্ধীর কনভয়ে অ্যাম্বুলেন্সের ধাক্কা, আহত বেশ কয়েকজন

ভারতের উত্তর প্রদেশে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কনভয়ের পাঁচটি গাড়ির সঙ্গে একটি অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে রাহুল গান্ধী নিরাপদ আছেন বলে জানিয়েছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর প্রকাশ করেছে।পুলিশ জানায়, রাজ্যের রাজধানী লখনৌ থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের হালিয়াপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। কনভয়ের পেছনের দিকে থাকা পাঁচটি গাড়ি সংঘর্ষে জড়ায়।আহতদের মধ্যে কংগ্রেসের দলীয় কর্মী ও নিরাপত্তাকর্মীরা রয়েছেন।দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, অ্যাম্বুলেন্সটি ডান পাশের দ্রুতগতির লেনে চলছিল। অন্য লেনগুলোতেও অনেক গাড়ি কাছাকাছি অবস্থানে ছিল।সংঘর্ষের পর একটি স্করপিও গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ফুটেজে গাড়িটিকে অ্যাম্বুলেন্সের সামনে থেমে থাকতে দেখা গেছে। রাহুল গান্ধী আজ (সোমবার) লখনৌ বিমানবন্দরে নেমেছিলেন। সেখান থেকে তার কনভয় প্রায় ১৩৫ কিলোমিটার দূরের সুলতানপুরের দিকে রওনা হয়। গন্তব্য থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে থাকতে দুর্ঘটনাটি ঘটে। সুলতানপুরে একটি বিশেষ এমপি-এমএলএ আদালতে হাজির হওয়ার কথা ছিল রাহুলের। বিজেপির সভাপতি থাকার সময় অমিত শাহর বিরুদ্ধে কথিত আপত্তিকর মন্তব্যের অভিযোগে করা মানহানি মামলায় তার হাজিরা দেওয়ার কথা। আজই মামলার রায় ঘোষণার সম্ভাবনা থাকায় রায় ঘোষণার সময় এই কংগ্রেস সংসদ সদস্যের সশরীরে উপস্থিত থাকা প্রয়োজন ছিল।

রাহুল গান্ধীর কনভয়ে অ্যাম্বুলেন্সের ধাক্কা, আহত বেশ কয়েকজন

মুকসুদপুরে পিকআপের চাপায় বাবা-মেয়ে নিহত

গোপালগঞ্জের মুকসুদপুরে মাছবাহী পিকআপের চাপায় অটোভ্যানে থাকা বাবা ও তাঁর ছয় বছর বয়সী মেয়ে নিহত হয়েছেন। আজ রোববার (২৫ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াখোলা ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সাইফুল ইসলাম রঞ্জু (৪৫)। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পবন বেগ গ্রামের হেমায়েত মোল্লার ছেলে। নিহত শিশুর নাম সামিরা আক্তার (৬)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে গোপালগঞ্জের দিকে যাচ্ছিল মাছবাহী একটি পিকআপ। এ সময় বিপরীত দিক থেকে আসা মুকসুদপুরগামী একটি অটোভ্যানকে পিকআপটি চাপা দিয়ে চলে যায়। এতে অটোভ্যানে থাকা বাবা ও মেয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মুকসুদপুরে পিকআপের চাপায় বাবা-মেয়ে নিহত

ফরিদপুরে প্রাইভেটকারের ওপর ট্রাক উল্টে মা-ছেলের মৃত্যু

ফরিদপুরের কানাইপুরে ঢাকা-খুলনা মহাসড়কের তেঁতুলতলা এলাকায় বালুবোঝাই ট্রাক উল্টে প্রাইভেটকারের ওপর পড়লে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পলাশ মিয়ার স্ত্রী সুমি বেগম (৩২) ও তাঁর ছেলে শাওন (৭)। স্থানীয় সূত্রে জানা গেছে, সুমির পরিবার মাগুরার মোহাম্মদপুরে বাবার বাড়ি থেকে প্রাইভেটকারে করে ঢাকার দিকে যাচ্ছিল। পথে ফরিদপুরের কানাইপুরের তেঁতুলতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে প্রাইভেটকারটির ওপর পড়ে। এতে গাড়িটি চাপা পড়ে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা প্রাইভেটকারে থাকা ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুমি ও তাঁর ছেলে শাওনের মৃত্যু হয়। আহত তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে প্রাইভেটকারের পাশাপাশি একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়েছে। বালুর নিচে প্রাইভেটকারের ভেতরে একজন আটকা পড়েছিলেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন এবং তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। করিমপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি হাইওয়ে থানায় এনে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ফরিদপুরে প্রাইভেটকারের ওপর ট্রাক উল্টে মা-ছেলের মৃত্যু

মাদারীপুরে পুলিশের রেকারের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কা, হোটেল ব্যবসায়ী নিহত

মাদারীপুরে সড়কে কাজে নিয়োজিত পুলিশের রেকারের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কায় সেলিম হাওলাদার (৫০) নামে এক আবাসিক হোটেল ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের তাঁতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম হাওলাদার মাদারীপুর সদর উপজেলার বাগেরপাড় এলাকার মৃত নাজিম উদ্দীন হাওলাদারের ছেলে। তিনি মাদারীপুর শহরের হোটেল মেট্রো নামের একটি আবাসিক হোটেলের মালিক ছিলেন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নিজ মালিকানাধীন প্রাইভেট কার চালিয়ে ভুরঘাটা থেকে মাদারীপুর শহরে ফিরছিলেন সেলিম। পথে তাঁতিবাড়ি এলাকায় পৌঁছালে তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারান। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনাকবলিত একটি গাড়ি উদ্ধারের কাজে নিয়োজিত পুলিশের রেকারের সঙ্গে তাঁর প্রাইভেট কারের ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

মাদারীপুরে পুলিশের রেকারের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কা, হোটেল ব্যবসায়ী নিহত

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪: পরিচয় মিলল ৯ জনের

নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। নিহতদের মধ্যে এখন পর্যন্ত ৯ জনের পরিচয় পাওয়া গেছে। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার সময় নাটোর-পাবনা মহাসড়কের পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে ঘটে এই দুর্ঘটনা। এ সময় ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর আরও পাঁচজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। নিহতদের মধ্যে পরিচয় শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন রাজশাহীর বাগমারা উপজেলার কনোপাড়া গ্রামের বাবর আলীর ছেলে আনোয়ার হক (৩০), পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী গ্রামের মৃত শহিদুল ইসলামের মেয়ে তাছফিয়া খাতুন (৮), শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজীরহাট গ্রামের ইউনুস আলীর ছেলে সোহাগ হোসেন (৩০), একই উপজেলার বড়কান্দি গ্রামের জহুর উদ্দিনের ছেলে জুয়েল রানা (৪০), ডুবিসাহেবের গ্রামের জাহান উদ্দিন মোল্লার ছেলে শালাল মোল্লা (৪৫), কাজীরহাট গ্রামের শাহিন হোসেন (২৫), জাজিরা উপজেলার সামাদ (৭০), কাশেম (৩৫) ও জহুর উদ্দিন। এ ছাড়া বাসটির চালক রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফরহাদপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে সোহেল রানা (৪০) নিহত হয়েছেন। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন জানান, আরপি পরিবহনের বাসটি বরগুনা থেকে যাত্রী নিয়ে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। অন্যদিকে, পঞ্চগড় থেকে বালু নিয়ে একটি ট্রাক যাচ্ছিল ঝিনাইদহের দিকে। ভোরে সরকারপাড়া এলাকায় পৌঁছালে যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসআই শামীম হোসেন বলেন, ট্রাকটি মহাসড়কের বাম পাশের লেন দিয়ে চলছিল। প্রাথমিকভাবে জানা গেছে, দ্রুতগতিতে চলা বাসটি অন্য একটি যানবাহনকে ওভারটেক করার সময় ট্রাকটির সঙ্গে সংঘর্ষে জড়ায়। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪: পরিচয় মিলল ৯ জনের

ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নারী নিহত, আহত ৪

ময়মনসিংহ নগরীতে ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সোনিয়া নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ অটোরিকশাতে থাকা আরো চারজন আহত হয়েছেন বলে জানা গেছে। আজ শুক্রবার  সকাল ১১টার দিকে আকুয়া বাইপাস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোনিয়া ময়মনসিংহের ফুলবাড়ী জোরবাড়ি গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে বাইপাস সড়ক দিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। তবে সোনিয়ার ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। খবর পেয়ে সংশ্লিষ্ট থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেয়। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। আহতদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার কারণ জানতে পুলিশ বিষয়টি তদন্ত করছে।

ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নারী নিহত, আহত ৪
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream