শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
ফরিদপুরে বাসে আগুন, চালকের মৃত্যু; আরও তিন জেলায় যানবাহনে অগ্নিসংযোগ

ফরিদপুরে বাসে আগুন, চালকের মৃত্যু; আরও তিন জেলায় যানবাহনে অগ্নিসংযোগ

গাজীপুর, ফরিদপুর, বগুড়া ও মানিকগঞ্জে পৃথক ঘটনায় যাত্রীবাহী বাস, কাভার্ডভ্যান ও প্যাডেলচালিত ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এসব ঘটনা ঘটে। এর মধ্যে ফরিদপুরে আগুন দেওয়া বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক কালাচাঁন (৬০) ধোঁয়ায় অসুস্থ হয়ে মারা গেছেন। গাজীপুরের কালিয়াকৈরে দুটি যাত্রীবাহী বাস ও একটি কাভার্ডভ্যানে, মানিকগঞ্জে একটি বাসে এবং বগুড়ার শেরপুরে একটি প্যাডেলচালিত ভ্যানে আগুন দেওয়া হয়। এতে যানবাহনগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে এবং সড়কে চলাচলকারী চালক ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার রাত পৌনে দুইটার দিকে ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় গোয়ালচামট মহল্লার নতুন বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে চালক কালাচাঁন অসুস্থ হয়ে পড়লে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। কালাচাঁন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিকনগর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত নুরুদ্দিন শেখ। পুড়ে যাওয়া বাসটির নাম কিশোর তন্ময়। এটি ফরিদপুর শহরে চলাচল করত। এর মালিক তপন কুমার দাস (৫০)। তিনি ফরিদপুর শহরের রথখোলা সিনপাড়া এলাকার বাসিন্দা। ফরিদপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন মাস্টার শ্রীবাস বাড়ৈ বলেন, ঘটনাস্থলে গিয়ে বাসটিতে আগুন জ্বলতে দেখেন তাঁরা। ১৫ থেকে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় বাসের চালক অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। একটি মোটরসাইকেলে করে তিনজন এসে বাসটিতে আগুন দেয় বলে জানিয়েছেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপারের সদর সার্কেল আজমীর হোসেন। তিনি বলেন, তাঁদের একজন বাসে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক কালাচাঁন অগ্নিদগ্ধ হননি; ধোয়ায় অসুস্থ হয়েছিলেন। শহরের বিভিন্ন সড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। গাজীপুরের কালিয়াকৈরে কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি যাত্রীবাহী বাস ও একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল ভোরে আজমেরী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। একই দিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চন্দ্রার কাজলী ফার্ম এলাকায় ফেলে রাখা আজমেরী পরিবহনের আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর কয়েক ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর-নবীনগর মহাসড়কের হাজীবাড়ী এলাকায় একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়া হয়। এতে ভ্যানটির সামনের অংশ পুড়ে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, চন্দ্রায় ওয়ালটন কারখানার পাশে মহাসড়কের ধারে কাভার্ডভ্যানটি দাঁড় করানো ছিল। আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ১২টার দিকে আগুন নেভানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা তারিকুল ইসলাম। আগুন দেওয়ার তিনটি ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম। বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ বাসস্ট্যান্ড এলাকায় গতকাল রাত সোয়া সাতটার দিকে দাঁড়িয়ে থাকা একটি প্যাডেলচালিত ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই এলাকার উত্তর পাশে ফ্লাইওভারের কাছে ভ্যানটির কিছু অংশ ও এর ওপর রাখা কয়েকটি চটের খালি বস্তা পুড়ে যায়। শেরপুর থানা-পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) জানান, তিন থেকে চারজন অপরিচিত ব্যক্তি ভ্যানটিতে আগুন দিয়ে চলে যান। এ ঘটনায় মহাসড়কে চলাচলকারী যানবাহনের চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে ভ্যানে আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। শেরপুর থানার ওসি একরামুল হোসাইন জানান, খবর পেয়ে রাত নয়টার দিকে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে আগুনে পুড়ে যাওয়া ভ্যান ও চটের খালি বস্তা উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। ভ্যানটির মালিকানা দাবি করে কেউ থানায় আসেননি। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা স্বাধীনতা পরিবহনের একটি বাসে গতকাল রাত সাড়ে ১২টার দিকে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটির কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে কেউ হতাহত হননি। বাসটির মালিক মোজাফফর হোসেনের বাড়ি মানিকগঞ্জ পৌর এলাকার দেড়গ্রাম নবগ্রামে। মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মিয়ারাজ উদ্দিন প্রথম আলোকে বলেন, প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে একই দিন সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত মানিকগঞ্জ শহর ও আশপাশের পাঁচটি স্থানে নয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, মানিকগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় মাঠের সামনে, বাসস্ট্যান্ড, গোলড়া স্ট্যান্ড, সাটুরিয়ার নয়াডিঙ্গী ও শহরের শহীদ রফিক সড়কে এসব বিস্ফোরণ ঘটে। আজ মঙ্গলবার সকালে দেখা যায়, মানিকগঞ্জ বাসটার্মিনালে আগুনে ক্ষতিগ্রস্ত বাসটি রাখা হয়েছে। তবে বাসস্ট্যান্ড এলাকা ও ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে।

‘আমাকেও নিয়ে যাও’ সেনাসদস্য স্বামীকে হারিয়ে স্ত্রীর আহাজারি

সেনাবাহিনীর সঙ্গে পারিবারিক বন্ধন ছিল ফরিদপুরের নগরকান্দার তিতাস শেখের। বাবা অবসরপ্রাপ্ত সেনাসদস্য, ছোট ভাইও কর্মরত সেনাবাহিনীতে। নিজেও ছিলেন সেনাবাহিনীর একজন সদস্য। কিন্তু টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারিয়েছেন ২৮ বছর বয়সী এই সেনাসদস্য। তাঁর মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো পরিবার। ছেলের শোকে মা রেখা বেগমের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ। স্বামীকে হারিয়ে বাকরুদ্ধ স্ত্রী সুমাইয়া আক্তার। অন্যদিকে ছেলেকে হারিয়ে নির্বাক বাবা আফজাল শেখের চোখ বেয়ে ঝরছে অশ্রু। শুক্রবার (৬ নভেম্বর) সকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে তিতাস শেখের বাড়িতে গিয়ে দেখা যায় এমন দৃশ্য। দুই ভাই ও এক বোনের মধ্যে তিতাস ছিলেন সবার বড়। তিনি সেনাবাহিনীর ১ বীর ইউনিটের সদস্য হিসেবে টেকনাফের রঙ্গীখালী আর্মি ক্যাম্পে কর্মরত ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, ২০১৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দেন তিতাস শেখ। চার বছর আগে পাশের গ্রামের সুমাইয়া আক্তারের সঙ্গে তাঁর বিয়ে হয়। চার বছরের সংসারজীবনে তাঁদের কোনো সন্তান হয়নি। আগামী ডিসেম্বর মাসে স্ত্রীকে নিজের কর্মস্থলে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তিতাসের। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। স্বামীকে হারিয়ে বারবার বিলাপ করছেন সুমাইয়া আক্তার। কাঁদতে কাঁদতে তিনি বলছেন, ‘আমাকেও নিয়ে যাও, আমি কেমনে থাকব! আমার কোনো অস্তিত্ব রইল না! আল্লাহ, আমি এখন কী করব!’ অন্যদিকে ছেলের শোকে পাগলপ্রায় মা রেখা বেগম। তিনি জানান, গত বুধবার রাতে ছেলের সঙ্গে তাঁর শেষ কথা হয়েছিল। তখন তিতাস তাঁকে বলেছিলেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) বিকেলে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে যাব, দোয়া কইরো মা।’ ছেলের মুখে এমন কথা শুনলেও সেটিই যে তাঁর সঙ্গে শেষ কথা হবে, তা ঘুণাক্ষরেও ভাবতে পারেননি তিনি। সন্তানের মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই বিলাপ করছেন মা। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফে মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান চলাকালে পাহাড়ি সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহত হন সেনাসদস্য তিতাস শেখ। তাঁর বুকের বাঁ পাশে গুলি লাগে। পরে তাঁকে লেদা আইআরসি রোহিঙ্গা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বেসামরিক অ্যাম্বুলেন্সে করে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ৪৮ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিতাসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরিবারের সূত্রে জানা গেছে, তাঁর মরদেহ রামু সিএমএইচে রাখা হয়েছে। মরদেহ আনতে সেখানে গেছেন তাঁর ছোট ভাই সেনাসদস্য আকরাম হোসেন। নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন বলেন, ‘সেনাবাহিনীর আনুষ্ঠানিকতা শেষে হেলিকপ্টারযোগে মরদেহটি বিকেল ৩টা ২০ মিনিটে পৌঁছাবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। এরপর গ্রামের বাড়িতে বিকেল ৪টার মধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনারসহ আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। পরে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী দাফন করা হবে।’

‘আমাকেও নিয়ে যাও’ সেনাসদস্য স্বামীকে হারিয়ে স্ত্রীর আহাজারি

ফরিদপুরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ১৫ বাড়ি ভাঙচুর

ফরিদপুরের সালথায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। পাল্টাপাল্টি হামলায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এসময় উভয়পক্ষের ১৫টি বসতঘর ভাঙচুর করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে চারটার দিকে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের মেহেরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।  পুলিশ ও স্থানীয়রা জানান, মেহেরদিয়া গ্রামের কালাম মুন্সীর সমর্থকদের সাথে নুর ইসলাম মুন্সীর আধিপত্যে নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার দুপুরে কালাম মুন্সী তার ফসলের জমিতে বেড়া দেওয়ার সময় প্রতিপক্ষের লোকজন তাকে মারধর করে। এরই জের ধরে বিকেলে নুর ইসলাম মুন্সী ও আনছার মাতুব্বরের সমর্থকদের সাথে কালাম মুন্সীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। ঢাল-সুড়কি, ইটপাটকেল নিয়ে উভয়পক্ষের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষকারীরা ১৫টি বসতঘর ভাঙচুর করে এবং কয়েকটি বাড়ীর মালামাল লুটপাট করা হয়। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সাথে জড়িত কালাম মুন্সী ও নুর ইসলাম মুন্সীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।  সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। কালাম মুন্সীর ফসলের জমিতে বেড়া দেওয়া নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফরিদপুরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ১৫ বাড়ি ভাঙচুর

ফরিদপুরে প্রাইভেটকারের ওপর ট্রাক উল্টে মা-ছেলের মৃত্যু

ফরিদপুরের কানাইপুরে ঢাকা-খুলনা মহাসড়কের তেঁতুলতলা এলাকায় বালুবোঝাই ট্রাক উল্টে প্রাইভেটকারের ওপর পড়লে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পলাশ মিয়ার স্ত্রী সুমি বেগম (৩২) ও তাঁর ছেলে শাওন (৭)। স্থানীয় সূত্রে জানা গেছে, সুমির পরিবার মাগুরার মোহাম্মদপুরে বাবার বাড়ি থেকে প্রাইভেটকারে করে ঢাকার দিকে যাচ্ছিল। পথে ফরিদপুরের কানাইপুরের তেঁতুলতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে প্রাইভেটকারটির ওপর পড়ে। এতে গাড়িটি চাপা পড়ে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা প্রাইভেটকারে থাকা ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুমি ও তাঁর ছেলে শাওনের মৃত্যু হয়। আহত তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে প্রাইভেটকারের পাশাপাশি একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়েছে। বালুর নিচে প্রাইভেটকারের ভেতরে একজন আটকা পড়েছিলেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন এবং তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। করিমপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি হাইওয়ে থানায় এনে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ফরিদপুরে প্রাইভেটকারের ওপর ট্রাক উল্টে মা-ছেলের মৃত্যু

ফরিদপুরের সদরপুরে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত, আহত ৫

ফরিদপুরের সদরপুর উপজেলায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে বিজয় কুমার দাস (১৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার পাঁচ যাত্রী আহত হয়েছেন।নিহত বিজয় কুমার দাস (১৭) পার্শ্ববর্তী ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের রাজাপুর গ্রামের চিত্তরঞ্জন দাসের ছেলে বলে জানা গেছে।রোববার (৯ আগস্ট) দুপুর ১২টার দিকে সদরপুর ইউনিয়নের সাড়েসাতরশি এলাকার আয়নালের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিজয় দাস কালীবাড়ি থেকে নুরুল্লাগঞ্জের দিকে যাচ্ছিলেন। অপরদিকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে বগাইল থেকে আটরশির দিকে যাচ্ছিল। পথিমধ্যে সদরপুর ইউনিয়নের সাড়েসাতরশি এলাকার আয়নালের মোড়ের চার রাস্তার মোড়ে মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেন। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে পাঁচ যাত্রী আহত হন।অন্যদিকে মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেলে বিজয় মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নিকটস্থ বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আল মামুন শাহ বলেন, “লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

ফরিদপুরের সদরপুরে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত, আহত ৫
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream