সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে নগরবাসী যাতে আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে জন্য সিটি করপোরেশন প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে যাচ্ছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে সিলেট নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেট দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধারণ করে আসছে। এ নগরীতে বিভিন্ন ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় রেখে বসবাস করেন। ধর্মীয় উৎসবগুলোও সবাই মিলেমিশে উদযাপন করেন। এ ঐতিহ্যকে আরও শক্তিশালী করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, পূজামণ্ডপে আগত পুণ্যার্থীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। পূজা চলাকালে কোনো সমস্যা বা প্রয়োজন দেখা দিলে সংশ্লিষ্টদের সিলেট সিটি করপোরেশনের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি। এ সময় প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাসও দেন সিসিক প্রশাসক।
পরিদর্শনের অংশ হিসেবে তিনি নগরীর ১১ নম্বর ওয়ার্ডের তিনটি মন্দির, ১২ নম্বর ওয়ার্ডে বিমলেন্দু দাস সাধু বাবুর বাড়ির পূজামণ্ডপ এবং ৮ নম্বর ওয়ার্ডের শ্রীশ্রী কালীবাড়ী ও শ্রীশ্রী লোকনাথ মন্দিরের পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ ছাড়া নগরীর অন্যান্য ওয়ার্ডের কয়েকটি পূজামণ্ডপও পরিদর্শন করেন।
এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, পুণ্যার্থীদের উপস্থিতি ও ব্যবস্থাপনার খোঁজখবর নেন। পাশাপাশি পুণ্যার্থী ও পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে পূজা কমিটির নেতাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন সিসিক প্রশাসক। যেকোনো প্রয়োজনে সিটি করপোরেশনের সঙ্গে যোগাযোগ রাখারও অনুরোধ জানান তিনি।
পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, সিসিকের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মতামত