দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় দুই সন্তানকে শ্বাসরোধে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন এক মা।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার অমরপুর ইউনিয়নের বালুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন সাকিল ইসলামের স্ত্রী সর্না আক্তার (২২), ছেলে সাফায়েত (৩) ও মেয়ে রইফা মনি (২)। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। তবে ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় ইউপি সদস্য নুর আমিন শাহ জানান, সাকিল ইসলামের স্ত্রী ও দুই সন্তানের মৃত্যুর খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রথমে দুই সন্তানকে শ্বাসরোধে হত্যার পর স্বর্না আক্তার গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
তিনি আরও জানান, ঘটনার আগে ঘরের দেয়ালে কয়েকটি বাক্য লিখে গেছেন স্বর্না আক্তার। দেয়ালে লেখা ছিল, ‘আজ থেকে এই গল্প শেষ’, ‘আমি অভাগী মা। আমার সন্তানদের আমি নিজে মারছি। আমার সন্তানদের পুলিশের কাছে দিয়েন না। মা বাবা সরি।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা নিয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
মতামত