শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করতে শেরপুরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। শনিবার (১৭ অক্টোবর ২০২৬) সন্ধ্যা ৬টায় তিনি মন্দির প্রাঙ্গণে উপস্থিত হন।
পরিদর্শনকালে মন্ত্রী পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, ভক্তবৃন্দ এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা, আলোকসজ্জা, সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণসহ পূজামণ্ডপের সার্বিক প্রস্তুতির খোঁজখবর নেন।
প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। আবহমানকাল ধরে এখানে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন করে আসছে। শারদীয় দুর্গাপূজা কেবল সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে।”
তিনি আরও আশ্বাস দেন যে, হিন্দু সম্প্রদায় যাতে কোনো প্রকার ভয়ভীতি ছাড়া অত্যন্ত আনন্দঘন পরিবেশে তাদের প্রধান ধর্মীয় উৎসব উদযাপন করতে পারে, সেজন্য সরকার ও প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। পূজা চলাকালীন যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং মণ্ডপগুলোর নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
পরিদর্শনকালে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মীয় ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতামত