পটুয়াখালীর বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর অপপ্রচার ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগকে মিথ্যা দাবি করে সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছেন সাংবাদিক মো. মাসুম বিল্লাহ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মাসুম বিল্লাহ জাতীয় দৈনিক গণকণ্ঠ পত্রিকার বাউফল উপজেলা প্রতিনিধি। সম্প্রতি শৌলা এলাকায় গাছ কাটার অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর স্থানীয় কয়েকজনের সঙ্গে তাঁর বিরোধ সৃষ্টি হয়। এরপর ফেসবুকে তাঁর বিরুদ্ধে মানহানিকর ভিডিও, অশালীন মন্তব্য ও হুমকি প্রচারের অভিযোগ ওঠে।
এ ঘটনায় তিনি বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে গত ৪ অক্টোবর ২০২৬ তারিখে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে সাইবার পিটিশন মামলা করেন। মামলায় চারজনকে সরাসরি অভিযুক্তসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।
আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পটুয়াখালী জেলা সিআইডিকে নির্দেশ দিয়েছেন বলে মামলার সূত্রে জানা গেছে। বাদীপক্ষের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হোক।
মতামত