পাহাড়ের বুক চিরে সোনালী ফসল ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার ২নং তারাছা ইউনিয়নের কৃষকরা। এবার ধান চাষে বাম্পার ফলন পেয়ে সফলতার হাসি ফুটেছে তাদের মুখে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, তারাছা ইউনিয়নের বিভিন্ন পাড়ায় এখন ধানের সোনালী সমারোহ। পাহাড়ি জুম জমি ও সমতল জমিতে কঠোর পরিশ্রম করে ধান চাষ করেছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবং কৃষকদের অক্লান্ত পরিশ্রমে এবার ফলন হয়েছে আশানুরূপ।
সফল কৃষকরা বলেন, "আমরা খুব কষ্ট করে পাহাড়ে ধান চাষ করি। এবার ফলন ভালো হয়েছে। কিন্তু আমরা যদি সরকারের কৃষি বিভাগ থেকে সার, বীজ, কীটনাশক ও আধুনিক চাষের প্রশিক্ষণ পেতাম, তাহলে আমরা আরও অনেক বেশি সফল হতে পারব।"
তারা আরও জানান, পাহাড়ি এলাকায় সেচের সমস্যা, ভালো বীজের অভাব এবং বন্য হাতির উপদ্রব তাদের প্রধান সমস্যা। এই সমস্যাগুলো সমাধানে কৃষি অফিসের সহযোগিতা প্রয়োজন।
এলাকার একজন সফল কৃষক বলেন, "কৃষি আমাদের জীবন। কৃষি আমাদেরকে সহযোগিতা করলে আমরা শুধু নিজেদের পরিবার নয়, পুরো ইউনিয়নের খাদ্য চাহিদা মেটাতে পারব।"
এ বিষয়ে স্থানীয় কৃষকরা রোয়াংছড়ি উপজেলা কৃষি কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেছেন যাতে তারাছা ইউনিয়নের মতো প্রত্যন্ত এলাকার কৃষকদের মাঝে ভর্তুকি মূল্যে সার, বীজ ও প্রযুক্তিগত সহায়তা পৌঁছে দেওয়া হয়।
মতামত