রাঙামাটির নানিয়ারচর জোনের উদ্যোগে মানবিক সহায়তা এবং সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় দ্বিমুখ্যাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক সামগ্রী এবং শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় নানিয়ারচর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান,পিএসসির নির্দেশনায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়ানো এবং শিক্ষার মানোন্নয়নে উৎসাহ জোগানো ছিল এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর জোনের মেজর শেখ মোহাম্মদ নাঈম। এ সময় লেফটেন্যান্ট শোয়াইব রহমান সাবিলসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকা, পড়াশোনায় মনোযোগী হওয়া এবং অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের যোগ্য, শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শৃঙ্খলা,দেশপ্রেম ও পারস্পরিক সম্প্রীতির চর্চা শিক্ষার্থীদের ভবিষ্যতে আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে সহায়তা করবে। তরুণ প্রজন্মের বিকাশ,শিক্ষার প্রসার এবং সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ গঠনে নানিয়ারচর জোন স্থানীয় জনগণের পাশে থেকে কাজ করে যাবে বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় তিনি শিক্ষকদের আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করেন। শিক্ষকদের জাতি গঠনের অন্যতম কারিগর উল্লেখ করে তিনি বলেন,তাঁদের নিরলস প্রচেষ্টায় শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখতে পারবে।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকারা সৌজন্য উপহার ও শিক্ষা উপকরণ গ্রহণ করেন। এ ধরনের উদ্যোগের জন্য তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য,পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে শান্তি,সম্প্রীতি এবং আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। নানিয়ারচর জোনের এ উদ্যোগ শিক্ষার্থী ও শিক্ষকদের শিক্ষা কার্যক্রমে উৎসাহ জোগানোর পাশাপাশি স্থানীয় পর্যায়ে সম্প্রীতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
মতামত