কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রয়াত এক বিএনপি নেতার পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা জামায়াতে ইসলামী। তাঁর স্ত্রীকে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করে দিতে একটি সেলাইমেশিন উপহার দিয়েছেন দলটির স্থানীয় নেতারা।
মঙ্গলবার বিকেলে উপজেলার বনগ্রাম ইউনিয়নের উত্তর জামষাইট গ্রামে প্রয়াত মো. সাইফুল ইসলামের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী ঝুমা আক্তারের হাতে সেলাইমেশিনটি তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, বনগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি অধ্যাপক মাওলানা আবু ইছা, ইউনিয়ন প্রচার সেক্রেটারি হাফিজুর রহমান, ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা মো. ইদ্রিস আলী, পেশাজীবী ইউনিয়নের সভাপতি মো. কামাল উদ্দিন এবং সমাজসেবক চেরাগ আলী ও মো. মিজানুর রহমানসহ স্থানীয় নেতারা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রয়াত সাইফুল ইসলাম বনগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। তাঁর মৃত্যুর পর পরিবারটি আর্থিক সংকটে পড়ে। এ পরিস্থিতিতে তাঁর স্ত্রীর উপার্জনের সুযোগ তৈরি এবং পরিবারের জীবিকা নির্বাহে সহায়তা করার উদ্দেশ্যে সেলাইমেশিন দেওয়ার উদ্যোগ নেয় জামায়াতে ইসলামী।
সেলাইমেশিন হস্তান্তরের পর সাইফুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
ঝুমা আক্তার জানান, তাঁর তিনটি মেয়ে রয়েছে। তাঁর স্বামী বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও জামায়াতে ইসলামী দলীয় পরিচয়ের বাইরে এসে তাঁদের পরিবারের পাশে দাঁড়িয়েছে। এই সহযোগিতাকে পরিবারের জন্য বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করে তিনি জামায়াতের নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
ঝুমা বলেন, মানুষের দুর্দিনে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলের ভেদাভেদ থাকা উচিত নয়।
মতামত