নেত্রকোণার কলমাকান্দায় ভুয়া ও অসংগতিপূর্ণ কাগজপত্র ব্যবহার করে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরিতে সহায়তার অভিযোগে করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে নেত্রকোণা সদর ও কলমাকান্দা উপজেলার পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্তাধীন; অভিযোগের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমান কলমাকান্দা থানায় সাতজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন । পাশাপাশি আরও অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। মামলায় ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় জাল কাগজ পত্র ব্যবহার, নিয়মবহির্ভূতভাবে তথ্য সংগ্রহ এবং নির্বাচন কার্যালয়ের নির্ধারিত প্রক্রিয়া লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়েছে, কয়েকজনের ভোটার নিবন্ধন ফরম ও জমা দেওয়া কাগজপত্র যাচাইয়ের সময় বিভিন্ন অসংগতি ধরা পড়ে। কোথাও অন্য ভোটারের ফরম ব্যবহার করা হয়েছে, আবার কোথাও আবেদনকারীর তথ্যের সঙ্গে জমা দেওয়া কাগজপত্রের মিল পাওয়া যায়নি। প্রয়োজনীয় যাচাই-বাছাই ছাড়াই নিবন্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এজাহারের আরও তথ্য অনুযায়ী, নির্বাচন কর্মকর্তার অনুমতি ছাড়া কয়েকজনের ছবি ও আঙুলের ছাপ নেওয়া এবং তাদের ব্যক্তিগত তথ্য নির্বাচন কমিশনের সার্ভারে আপলোড করা হয়েছে। নির্বাচন অফিসের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় কর্মকর্তার অনুপস্থিতিতে ছবি তোলা ও নিবন্ধন-সংক্রান্ত কার্যক্রম পরিচালনার কিছু দৃশ্য পাওয়ার কথাও এজাহারে উল্লেখ করা হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন কলমাকান্দার কাঞ্চন মিয়া (২৯) ও মঞ্জুরুল মিয়া। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে নেত্রকোণা সদর ও কলমাকান্দা উপজেলার পৃথক স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। মামলার এজাহারে রংছাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান পাঠানসহ আরও পাঁচজনের নাম রয়েছে। তাঁদের বিরুদ্ধে ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় সহযোগিতা, ভুয়া কাগজপত্র ব্যবহারে সহায়তা এবং অনুমতি ছাড়া তথ্য সংগ্রহের অভিযোগ আনা হয়েছে।
মামলার পর তদন্ত কর্মকর্তারা ভোটার নিবন্ধন ফরম, জমা দেওয়া কাগজপত্র, সংশ্লিষ্ট নথি, সিসিটিভি ফুটেজ এবং নির্বাচন কমিশনের সার্ভারে আপলোড করা তথ্য যাচাই করছেন।
কলমাকান্দা থানার ওসি মো. সোহেল রানা জানান, গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানোর হয়েছে মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলমান আছে ।
মতামত